নড়াইলের লোহাগড়ার নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামের স্বেচ্ছাসেবক দল কর্মী সালমান খন্দকার হত্যার ঘটনায় মামলা হয়েছে। নিহতের ছোট ভাই নাহিদ খন্দকার বাদী হয়ে রবিবার (১১ মে) সকালে লোহাগড়া থানায় ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন। এ ঘটনায় শামুকখোলা গ্রামের মান্নান মোল্যার ছেলে মশিয়ার মোল্যাকে রবিবার ভোরে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, উপজেলার শামুকখোলা গ্রামের খাজা খন্দকারের ছেলে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল কর্মী সালমান খন্দকার (২৬) বৃহস্পতিবার (৮ মে) রাতে স্থানীয় বন্ধুদের নিয়ে পার্শ্ববর্তী রামকান্তপুর মধুমতি নদীর পাড়ে পিকনিক করতে যান। এর মধ্যে রাত ১১টার দিকে বাড়িতে ফিরলেও মোটরসাইকেল নিয়ে আবার বেরিয়ে যান। পরদিন শুক্রবার সকালে কাউলিডাঙ্গা বিল থেকে পুলিশ তার ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে নিহতের ছোট ভাই মামলার বাদী নাহিদ খন্দকারকে কয়েকবার ফোন দিলেও তিনি সাড়া দেননি।
নিহতের ভাইপো শামুকখোলা গ্রামের সৈয়দ এ কে মাসুদ রানার সঙ্গে এ বিষয়ে কথা হলে তিনি জানান, সালমান ঘটনার দিন বন্ধুদের সঙ্গে রামকান্তপুর মধুমতি নদীর পাড়ে পিকনিক করতে গেলেও তিনি না খেয়ে বাড়িতে চলে আসেন। পিকনিকে আর না খাওয়ায় বন্ধুরা রাতেই তার খাবার বাড়ি পৌঁছে দেয়। রাত ১২টার দিকে তিনি একা মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়েন। সকালে তার লাশ পাওয়া যায়। তার শরীরের বিভিন্ন জায়গায় অসংখ্য কোপের চিহ্ন ছিল।
তিনি বলেন, আসামিরা সবাই একই গ্রামের। দলীয় কোনও দ্বন্দ্ব না বলে মন্তব্য করেন। এদের মধ্যে কেউ কেউ বিএনপি ও আ. লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। আবার কেউ নির্দলীয়।
এদিকে এ হত্যার ঘটনায় আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে লোহাগড়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ও সমাবেশ করেছে। শনিবার (১০ মে) সন্ধ্যার আগে লোহাগড়া শহরে লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা বিএনপির সভাপতি মো আহাদুজ্জামান বাটুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমী প্রমুখ।
লোহাগড়া থানার ওসি মো.আশিকুর রহমান বলেন, সালমান হত্যাকাণ্ডের ঘটনায় এজাহারভুক্ত ২০ জন এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা হয়েছে। তবে আসামিদের গ্রেপ্তারের স্বার্থে এই মুহূর্তে কারো নাম জানানো সম্ভব হচ্ছে না। এ ঘটনায় একজন গ্রেপ্তার হয়েছে। তাকে জিজ্ঞসাবাদ করা হচ্ছে। এখনও তিনি হত্যার বিষয়ে মুখ খোলেনি। বাকিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
নেতাকর্মীদের আন্দোলনের প্রস্তুতি নিতে বললেন প্রিন্স
নতুন সংবিধান ছাড়া নতুন বাংলাদেশ গড়ার প্রয়োজন নেই: নাহিদ