ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে মানববন্ধন করেছেন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের কর্মী-সমর্থকরা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইশরাককে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য প্রসাশনের প্রতি জোরালো দাবি জানান তারা।
গতকাল বুধবার সকাল ৮টার পর থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ভবনের মূল গেটের সামনে মানববন্ধন শুরু হয়। এতে কয়েক হাজার মানুষ জড়ো হয়ে ধীরে ধীরে মানববন্ধনে রূপ নেয় সমাবেশ। সকাল ১০টার দিকে মূল ফটক থেকে নগরভবনে সিঁড়িতে এসে অবস্থান নেন তারা। নগর ভবনের সামনে ব্যাপক লোকসমাগম হওয়ার কারণে গুলিস্তান ও আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক সচিব মশিউর রহমান, সাবেক কাউন্সিলর মণি বেগম, জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান প্রিন্স, যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের নেতা মো. রফিক প্রমুখ। তাছাড়া কৃষক দল, শ্রমিক দল, জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নেতাকর্মীরা মানববন্ধনে অংশ নেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান প্রিন্স বলেন, আদালতের রায়ে এবং আমাদের ভোটে নির্বাচিত মেয়র আপনি। আপনি জনগণের কাছে আসেন, আমাদের ভোটকে মর্যাদা দিতে আপনাকে আসতেই হবে।’ এ সময় আজ বৃহস্পতিবার সকাল ৮টায় নগর ভবনের সামনে আবারও মানববন্ধন করার ঘোষণা দেন তিনি।
একই সঙ্গে দাবি আদায় না হলে লাগাতার আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন বক্তরা। তারা বলেন, আমরা ঢাকা মহানগরীর জনগণ আপনাকে শপথ পড়াব এবং মেয়র পদে বসাব। দেশের মালিক জনগণ ভোট দিয়ে নির্বাচিত করাতে পারলে শপথ পড়িয়ে চেয়ারেও বসাতে পারে। আর আদালতে রায় পালন না করার কারণে এই সরকারের দায়িত্বশীলরা আদালত অবমাননার দায়ে অপরাধী হবে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, জনগণের ভোটে ইশরাক হোসেন মেয়র নির্বাচিত হলেও ফ্যাসিস্ট আওয়ামী লীগের অজ্ঞাবহ নির্বাচন কমিশন তাপসকে মেয়র ঘোষণা করে। নির্বাচিত মেয়র থেকে ঢাকাবাসীকে বঞ্চিত করে। ফ্যাসিস্ট পতনের পর আদালত ও নির্বাচন কমিশন ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করেছে। কিন্তু একটি কুচক্রী মহল টালবাহানা করছে। তাকে শপথ গ্রহণ ও দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে না। ফলে ঢাকাবাসী নাগরিক সুবিধা থেকে বঞ্চিত।
গত ২৭ এপ্রিল ডিএসসিসি মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নাম ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আইন মন্ত্রণালয়ের পরামর্শ পাওয়ার পর এই গেজেটে প্রকাশ করেছে ইসি। এর আগে ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম।
২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন হয়। এতে ফজলে নূর তাপস মেয়র ডিএসসিসির নির্বাচিত হন। নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ মামলা করেছিলেন ইশরাক।
