কুড়িগ্রাম সীমান্তে পুশ-ইন ৫ রোহিঙ্গা শরণার্থীকে

আপডেট : ১৬ মে ২০২৫, ০৬:৩৪ এএম

ভারতে জাতিসংঘ শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) নিবন্ধিত পাঁচ রোহিঙ্গা নাগরিককে বাংলাদেশে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। আটক ব্যক্তিরা একই পরিবারের সদস্য এবং ভারতের আসামের মাটিয়া রিফিউজি ক্যাম্পে বসবাস করছিলেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কুড়িগ্রাম ২২ বিজিবি।

এর আগে গত ৭ মে ভোর ছয়টার দিকে কুড়িগ্রাম জেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ভাওয়ালকুড়ি সীমান্তবর্তী নতুনহাট বাজার এলাকায় ২২ বিজিবি ব্যাটালিয়নের টহল দল তাদের আটক করে। স্থানীয়দের কাছ থেকে সন্দেহজনক গতিবিধির খবর পেয়ে বিজিবি অভিযান চালিয়ে পাঁচ জনকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন মোহাম্মদ উল্লাহ (৪৪), তার স্ত্রী রোমানা বেগম (৩৫) ও তাদের সন্তান তাহমিনা আক্তার (২০), রেদোয়ান (১৫) ও তাসমিনা আক্তার (১৩)। পরিবারের সবাই মিয়ানমারের রাখাইন রাজ্যের বুথিডং জেলার কোয়াইংডং এলাকার বাসিন্দা। তাদের কাছ থেকে ইউএনএইচসিআর, নয়াদিল্লি কর্তৃক ইস্যুকৃত পাঁচটি রেজিস্ট্রেশন কার্ড উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, দুই বছর আগে তারা মিয়ানমার থেকে ভারতে পালিয়ে যান এবং আসামের মাটিয়া ক্যাম্পে আশ্রয় নেন। সম্প্রতি, কিছু অজ্ঞাত ব্যক্তি তাদের গাড়িতে তুলে নেয়, দীর্ঘ পথ পাড়ি দিয়ে চোখ বেঁধে একটি অজানা স্থানে নামিয়ে দেয় এবং কোনো প্রশ্ন না করে সামনে হাঁটতে বলে। সারা রাত হেঁটে তারা ভোরের দিকে বাংলাদেশের সীমান্তে এসে পৌঁছালে বিজিবি তাদের আটক করে।

 সোনাহাট আলফা কোম্পানির কমান্ডার সুবেদার মো. আইয়ুব হোসেন জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের ঘটনায় বিজিবি তৎপর রয়েছে। আটক ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য কুড়িগ্রাম ব্যাটালিয়ন সদরে হস্তান্তর করা হয়েছে। পরিবারটি দাবি করেছে, ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ তাদেও জোরপূর্বক বাংলাদেশে পুশ ইন করেছে। কুড়িগ্রাম ২২ বিজিবি জানায়, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

কুলাউড়ায় শিশুসহ ১৪ জনকে পুশ ইন করল বিএসএফ :

 মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৪ বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে বিজিবি তাদের আটক করে। আটককৃতদের মধ্যে ৪ জন পুরুষ, ৬ জন নারী ও ৪ শিশু রয়েছে। সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা।

বিজিবি সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, জীবিকার সন্ধানে তারা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। পরে সেখানকার পুলিশ তাদের আটক করে বিএসএফের হাতে তুলে দেয়। বিএসএফ সীমান্ত পেরিয়ে তাদের বাংলাদেশে ঠেলে পাঠায়।

৪৬-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বলেন, আটক ব্যক্তিরা সবাই বাংলাদেশি নাগরিক। তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। আমরা তাদের থানায় হস্তান্তর করব।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, বিজিবি আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত