বই পড়ায় কৃতিত্ব অর্জন করায় বরিশালের ৩৬টি স্কুলের ২ হাজার ৪১১ জন শিক্ষার্থীকে পুরস্কার দিয়েছে বিশ্বসাহিত্য কেন্দ্র। গ্রামীণফোনের সহযোগিতায় গতকাল শুক্রবার নগরীর ব্যাপ্টিস্ট মিশন বালক উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কার বিতরণ উৎসবে প্রধান অতিথি ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সাবেক ট্রাস্টি ও অবসরপ্রাপ্ত সচিব খন্দকার মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. সোহরাব হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন এবং জেলা শিক্ষা কর্মকর্তা মো. হারুনুর রশীদ।
শুভেচ্ছা বক্তব্যে খন্দকার মো. আসাদুজ্জামান বলেন, বই পড়লে মন উৎফুল্ল থাকে, মানসিক প্রশান্তি পাওয়া যায়। বিশ্বসাহিত্য কেন্দ্র ৫০ বছর ধরে সারা দেশে আনন্দ দেওয়ার জন্যই বই পড়া আন্দোলন চালিয়ে যাচ্ছে।
