‘ইলেকশন আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যেই প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টা কাজ করে যাচ্ছেন।’ গতকাল শুক্রবার বিকেলে মাগুরা প্রেস ক্লাব পরিদর্শনকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা বলেন।
তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরও বলেন, ‘আওয়ামী লীগের ব্যাপারে দেশের মানুষের চাহিদা পূরণ হয়েছে এবং তারা সন্তুষ্টি প্রকাশ করেছে। দেশ ভালোই চলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করেছে, যা আগের চেয়ে ভালো।’
সংস্কার সম্পর্কে প্রেস সচিব বলেন, ‘যেসব জায়গায় সংস্কার দরকার, সেসব জায়গায় সংস্কারের কাজ চলছে। ইতিমধ্যে ইকোনমিতে বড় ধরনের কিছু সংস্কার করা হয়েছে এবং সামনে আরও হবে। পলিটিক্যাল সংস্কারের জন্য কনসুলসেশন কমিশন অনেক মিটিং করেছে এবং ১৫ মে শেষ হয়েছে।
অনেকে অস্থির হচ্ছেন, আমরা মনে করি যে আমাদের কাজ খুব ফোকাস হচ্ছে এবং কাজগুলো সঠিক গতিতে সঠিকভাবেই হচ্ছে।’
গণমাধ্যম সম্পর্কে শফিকুল আলম বলেন, ‘সরকার গণমাধ্যমের স্বাধীনতার কথা বলছে, সেটা শুধু কথা বলার স্বাধীনতা নয়, গণমাধ্যমের স্বাধীনতার জন্য যারা খাটছেন তাদের ডিগনিফাই লাইফের কথা ভাবছে এবং সেজন্য কাজ করে যাচ্ছি।’
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মাগুরা প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান। এ সময় ক্লাবের অর্ধশত গণমাধ্যম সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
