শহীদ ‘ফারহান ফাইয়াজ’ সড়কের ফলক উন্মোচন ডিএসসিসির

আপডেট : ১৭ মে ২০২৫, ০১:৫৫ পিএম

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া ছাত্র ‘ফারহান ফাইয়াজ’-এর নামে নামকরণ করা সড়কের ফলক উন্মোচন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

শনিবার (১৭ মে) ধানমন্ডির পুরাতন ২৭ নম্বর রোডে ফলকটির উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া। এ সময় শহীদ ফারহান ফাইয়াজের বাবা আলহাজ্ব শহীদুল ইসলাম ভূঁইয়া এবং তার শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের মেধাবী ছাত্র শহীদ ফারহান ফাইয়াজ জুলাই গণ-অভ্যুত্থানে এখানে শহীদ হন। বৈষম্যবিরোধী বাংলাদেশ গড়ার লক্ষ্যে জুলাই গনঅভ্যুত্থানে যেসব ছাত্র-জনতা শাহাদত বরণ করেছেন ফারহান ফাইয়াজ তাদের মধ্যে অন্যতম একজন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ধানমন্ডির পুরাতন ২৭নং সড়কটির নাম পরিবর্তন করে আজ শহীদ ফারহান ফাইয়াজের নামে নামকৃত ফলক উন্মোচন করা হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের শহীদরা বৈষম্যবিরোধী একটি সুন্দর বাংলাদেশ গড়ার যে মহৎ উদ্দেশ্যে জীবন দিয়েছেন, সে মহৎ উদ্দেশ্য যতদিন না বাস্তবায়ন হয় ততদিন আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

শহীদ ফারহান ফাইয়াজের বাবা আলহাজ্ব শহীদুল ইসলাম ভূঁইয়া বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একমাত্র ছেলে শহীদ হওয়ায় আমার যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। ফাইয়াজের নামে এই সড়কটি নামকরণ করায় আমি অন্তর্বর্তীকালীন সরকার ও দক্ষিণ সিটি কর্পোরেশনকে ধন্যবাদ জানাচ্ছি। দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে যারা ভূমিকা রেখেছেন পর্যায়ক্রমে তাদের সকলকে স্মরণীয় করে রাখা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অতিথিরা  নামকৃত ফলক উন্মোচন এবং জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের জন্য আয়োজিত দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। 
ফলক উন্মোচন অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো: জিল্লুর রহমান এবং সকল বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের ১৮ জুলাই ধানমন্ডির পুরাতন ২৭ নম্বর রোডের রাপা প্লাজা ও জেনেটিক প্লাজার মধ্যবর্তী স্থানে অনুষ্ঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়া ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির ছাত্র মোহাম্মদ ফারহানুল ইসলাম ভূঁইয়া (ফারহান ফাইয়াজ) পুলিশ ও ছাত্রলীগের হামলায় বুকে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত