জামালপুরে অটোরিকশা উল্টে প্রাণ গেল যুবকের

আপডেট : ১৯ মে ২০২৫, ১১:৫৩ পিএম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অটোরিকশা উল্টে সেলিম জাভেদ (৪২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৯ মে) রাতে সন্ধ্যায় উপজেলার মুলবাড়ী জামে মসজিদের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সেলিম জাভেদ সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের রুদ্রবয়ড়া পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। তিনি যমুনা সারকারখানায় দৈনিক ভিত্তিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। 

জানা যায়, সেলিম জাভেদ আরামনগর বাজার থেকে একটি যাত্রীবাহী অটোরিকশায় করে ২১ শে মোড় এলাকার দিকে যাচ্ছিলেন। অটোরিকশাটি উচ্চগতিতে চলছিল। পথিমধ্যে উপজেলার মুলবাড়ী জামে মসজিদের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে অটোরিকশাটি রাস্তার পাশে উল্টে যায়। ওই সময় অটোরিকশার ব্যাটারী ছিটকে গিয়ে সেলিম জাভেদের বুকের ওপর পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত