সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর সদরের রামবাড়ি মহল্লার কাপড় ব্যবসায়ী ও যুবদল নেতা আজমীর হোসেন বিপুল (৪০) হত্যার বিচার ও হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার নিজ বাড়িতে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে নিহতের মা নবীয়া খাতুন পুত্র হত্যার বিচার দাবি করে অঝোরে কাঁদলেন। এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মামলার বাদী নিহতের ভাই হাজি নুরুজ্জামান, স্ত্রী আমেনা খাতুন, ছেলে আরমান, মেয়ে বিপাশা ও পিয়াশা, ভাগ্নে জাহাঙ্গীর খন্দকার ও ভাতিজা আরিফুল ইসলাম। তারা অবিলম্বে বিপুল হত্যার সব আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও পরিবারের নিরাপত্তা চেয়ে বক্তব্য রাখেন। সেই সঙ্গে এ মামলার যেসব আসামি জামিনে বেরিয়ে এসে তাদের নানাভাবে হুমকি দিচ্ছে তাদের জামিন বাতিল করে কারাগারের পাঠানোরও দাবি জানান তারা। গত ১৮ এপ্রিল বাড়ির সামনে প্রতিবেশী ইয়াবা ব্যবসায়ী শহিদুল ও তার সহযোগী সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হন কাপড় ব্যবসায়ী ও যুবদল নেতা আজমীর হোসেন বিপুল।
এ সংবাদ সম্মেলনে নিহতের স্ত্রী আমেনা খাতুন অভিযোগ করেন, তার স্বামীর খুনি শহিদুলসহ ২৬ জনের বিরুদ্ধে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা করা হয়। এ মামলার পর থেকেই শহিদুল ও তার সন্ত্রাসী বাহিনী তাদের পরিবারের সব সদস্যদের হত্যার হুমকি দিয়ে আসছে। ফলে তারা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি আছলাম আলী বলেন, বিপুল হত্যা মামলাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ মামলার তিন আসামিকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। প্রধান আসামিসহ বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চালছে।
