জেডআরএফ মেলা

ক্ষুদে বিজ্ঞানীদের মেধার পরিচয়ে মুগ্ধ ডা. জোবাইদা

আপডেট : ২৪ মে ২০২৫, ০৭:২০ এএম

দেশের তরুণ প্রজন্ম এবং ক্ষুদে বিজ্ঞানীদের উৎসাহ দিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। গতকাল শুক্রবার বিকেলে জেডআরএফ কার্যালয়ে ‘ভার্চুয়াল বিজ্ঞান মেলা-২০২৪’র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য দেন। এই অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে প্রকাশ্যে কোনো কর্মসূচিতে বক্তব্য রাখলেন তিনি।

অনুষ্ঠানে শিশু-কিশোর তথা ক্ষুদে বিজ্ঞানীদের উদ্দেশে ডা. জোবাইদা রহমান বলেন, ‘প্রত্যেক প্রতিযোগীকে তাদের অভিনব বিজ্ঞান প্রজেক্টের জন্য জানাই প্রাণঢালা অভিনন্দন।’

দীর্ঘ ১৭ বছর পর শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে গত ৬ মে দেশে ফিরেছেন ডা. জোবাইদা রহমান। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর স্বামী তারেক রহমানের সঙ্গে লন্ডনের উদ্দেশে বাংলাদেশ ছেড়েছিলেন তিনি। এরপর একে একে ১৭টি বছর কেটে গেলেও দেশে ফিরতে পারেননি ডা. জোবাইদা রহমান। স্বামী তারেক রহমান ও একমাত্র সন্তান ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে লন্ডনে বসবাস করছিলেন তিনি।

গতকাল শুক্রবার বিজ্ঞান মেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পর জেডআরএফের বোর্ড অব ডাইরেক্টরস কমিটির সদস্য এবং উপদেষ্টাদের সঙ্গে মতবিনিময় করেন জোবাইদা রহমান। অনুষ্ঠানে জেডআরএফের প্রতিষ্ঠালগ্ন থেকে এখন পর্যন্ত বিভিন্ন কর্মকান্ডের ওপর একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

সংক্ষিপ্ত বক্তব্যে মেলায় প্রতিযোগী ও বিজয়ীদের উদ্দেশে তিনি বলেন, ‘ক্ষুদে বিজ্ঞানীদের মেধা, অধ্যবসায় এবং আত্মনির্ভরশীলতা সত্যিই অসাধারণ এবং আমাদের মুগ্ধ করেছে। আমি প্রত্যাশা করি, তোমরা তোমাদের জীবনের প্রত্যেক ক্ষেত্রে স্বার্থক হও এবং বিশ্বের দরবারে দেশের মুখ উজ্জ্বল করো। বিজ্ঞানের প্রতি তোমাদের যে মমত্ববোধ, সেটি দেখে আশা করি ভবিষ্যতে তোমরা বিজ্ঞানের জগতে উদ্ভাবন করে পৃথিবীর সব মানুষের জন্য কিছু করবে। ইনশাআল্লাহ আমাদের সবার সহযোগিতা থাকবে।’

তিনি বলেন, ‘বিজ্ঞানের জগতে যেকোনো সময় যেকোনো রকম প্রশ্ন তোমাদের থাকলে সে বিষয়ে তোমরা বিচারকম-লীর কাছে যেতে পার। তারা তোমাদের অনুপ্রেরণা দিয়েছেন, পথ দেখিয়েছেন। বিজ্ঞান চর্চার কোনো শেষ নেই। এর মাধ্যমে পৃথিবীকে অনেক কিছু দেওয়ার আছে। আমার বিশ্বাস তোমরা তা পারবে।’ সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন ডা. জোবাইদা রহমান।

জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের ভার্চুয়াল সভাপতিত্বে এবং ডিরেক্টর (প্রোগ্রাম) ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহর পরিচালনায় শ্বাগত বক্তব্য দেন জেডআরএফের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান।

মূলত শিশু-কিশোর ও নতুন প্রজন্মের মধ্যে বৈজ্ঞানিক উদ্ভাবন ও সর্বোতভাবে বিজ্ঞান চর্চার অনুপ্রেরণাকে লক্ষ্য করে গত চার বছর ধরে ভার্চুয়াল বিজ্ঞান মেলার আয়োজন করা হচ্ছে। আর জেডআরএফের এই ভার্চুয়াল বিজ্ঞান মেলা ডা. জোবাইদা রহমানের মস্তিষ্কপ্রসূত ধারণা। মেলায় বিজয়ী ১৭ জনের মধ্যে পুরস্কার (ল্যাপটপ) ও সনদ বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে ভার্চুয়াল বিজ্ঞান মেলার আহ্বায়ক অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার, বিশেষ সমন্বয়ক ড. এসএম সোহাগ আউয়াল বক্তব্য দেন।

ডাইরেক্টর ও উপদেষ্টার সঙ্গে মতবিনিময় : জেডআরএফের কার্যালয়ে ভার্চুয়াল বিজ্ঞান মেলায় বিজয়ীদের হাতে পুরস্কার দেওয়ার পাশাপাশি সংগঠনের বোর্ড অব ডাইরেক্টরস ও উপদেষ্টাদের সঙ্গে মতবিনিময় করেন। তারেক রহমানকে প্রেসিডেন্ট ও ডা. জোবাইদা রহমানকে ভাইস প্রেসিডেন্ট করে ২০২৪ সালের ১৪ নভেম্বর ২৩ সদস্যের পরিচালনা পর্ষদ ‘বোর্ড অব কমিটি’ গঠন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। এ ছাড়া সাত সদস্যের একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে।

বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি রক্ষায় ১৯৯৯ সালের ১৮ অক্টোবর জিয়াউর রহমান ফাউন্ডেশন গঠন করা হয়, যার চেয়ারম্যান তারেক রহমান। ‘একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে স্বচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা’এ সেøাগান নিয়ে এই অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠনটি গরিব, দুস্থ ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত