সিলেট-মৌলভীবাজার সীমান্তে আরও ১৫৩ জনকে পুশইন

আপডেট : ২৬ মে ২০২৫, ০৭:২৬ এএম

সিলেটের বিয়ানীবাজার ও মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে ১৫৩ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত শনিবার গভীর রাত থেকে গতকাল রবিবার সকাল পর্যন্ত বড়লেখার শাহবাজপুর চা-বাগান ও লাতু সীমান্ত থেকে ১২১ জনকে এবং বিয়ানীবাজারের নয়াগ্রাম এলাকার একটি বিল থেকে ৩২ জনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি জানায়, আটক সবাই বাংলাদেশের নাগরিক এবং বেশির ভাগের বাড়ি কুড়িগ্রামে। বিএসএফ তাদের সীমান্তে একত্র করে বাংলাদেশে ঠেলে দিয়েছে। তাদের পরিবারের কাছে হস্তান্তরের জন্য স্থানীয় প্রশাসন ও পুলিশের কাছে সোপর্দ করা হবে।

বড়লেখায় ১২১ জন আটক

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার রাত আড়াইটা থেকে রবিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত বড়লেখার শাহবাজপুর চা-বাগান ও লাতু সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে নারী-শিশুসহ ১২১ জনকে আটক করেছে বিজিবি। শাহবাজপুর চা-বাগান ও লাতু সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ। আটক সবার বাড়ি বাংলাদেশে। বেশির ভাগই কুড়িগ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে ৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান

বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আটক ব্যক্তিদের পরিবারের সঙ্গে কথা বলে পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বেশির ভাগের বাড়ি কুড়িগ্রামে। দু-একজনের বাড়ি কুমিল্লা ও খুলনায়।

সিলেট সীমান্তে আটক ৩২

এদিকে সিলেটের বিয়ানীবাজারের নয়াগ্রাম এলাকার একটি বিল থেকে ২৩ নারী ও শিশুসহ ৩২ জনকে আটক করেছে বিজিবি। বিএসএফ তাদের সীমান্তে জড়ো করে বাংলাদেশে ঠেলে দিয়েছে বলে বিজিবি জানিয়েছে। গতকাল সকালে তাদের আটক করা হয়। তারা সবাই বাংলাদেশি নাগরিক এবং কুড়িগ্রামের বাসিন্দা। এ নিয়ে গত ১২ দিনে সিলেট সীমান্ত দিয়ে ৬৯ জনকে ঠেলে পাঠানো হলো।

বিজিবি সূত্র জানায়, বিজিবির বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) নয়াগ্রাম বিওপির সদস্যরা আজ সকালে নয়াগ্রাম এলাকায় অভিযান চালায়। এ সময় ওই ৩২ জনকে একটি বিল থেকে আটক করা হয়। আটক ব্যক্তিদের বরাতে বিজিবি জানায়, বিএসএফ তাদের বাংলাদেশের অভ্যন্তরে একটি বিলে নামিয়ে দেয়।

লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান বলেন, আটক সবাই বাংলাদেশি বলে প্রাথমিকভাবে জানা গেছে। কেউ কেউ এক থেকে ১০ বছর পর্যন্ত ভারতে অবস্থান করছিলেন। তারা ভারতের গুজরাট ও বিহারে ইটের ভাটা, গৃহস্থালি ও রঙমিস্ত্রির কাজ করতেন। তাদের বাড়ি কুড়িগ্রামে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত