নারীবিষয়ক সংস্কার কমিশনের কিছু সুপারিশের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে করা রিট আবেদন খারিজ করে দিয়েছে উচ্চ আদালত। আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল সোমবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ রিট আবেদনটি পর্যবেক্ষণসহ খারিজের এ আদেশ দেয়। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী রওশন আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত
অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। এ ছাড়া নারীবিষয়ক সংস্কার কমিশনের সদস্য, জ্যেষ্ঠ আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ শুনানি করেন।
অ্যাডভোকেট রওশন আলী দেশ রূপান্তরকে বলেন, ‘রিট আবেদনটি পর্যবেক্ষণসহ খারিজ করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, সংশ্লিষ্ট বিষয়ে আদালতের দরজা সবসময় খোলা থাকবে। এখন পূর্ণাঙ্গ আদেশের পর্যবেক্ষণে কী থাকে সেটি দেখতে হবে। এ ছাড়া ধর্মীয় অনুভূতি ও সাংবিধানিক মৌলিক অধিকারের সঙ্গে সাংঘর্ষিক হয় এমন বিধান যদি সংস্কারের চূড়ান্ত পর্যায়ে থাকে তাহলে তা হাইকোর্টের নজরে আনা হবে।’
এর আগে গত ৪ মে হাইকোর্টে এ রিট আবেদনটি করেন আইনজীবী রওশন আলী। এতে কমিশনের প্রতিবেদনের ৩, ৪, ৬, ১০, ১১ ও ১২ অধ্যায়ে অন্তর্ভুক্ত সুপারিশগুলো কেন বেআইনিভাবে প্রণীত ও আইনগত কার্যকারিতা বহির্ভূত ঘোষণা করা হবে না, এ মর্মে রুলের আরজি জানানো হয়।
আবেদনে বলা হয়, নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনের বিভিন্ন সুপারিশ ইসলামি শরিয়তের বিধানের পরিপন্থী। দেশের জনগণের ধর্মীয় অনুভূর্তির পরিপন্থী এবং বাংলাদেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।
