মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের আপিলের রায় জানা যাবে আজ মঙ্গলবার। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত আপিল বিভাগ এ রায় ঘোষণা করবেন। সর্বোচ্চ আদালতে আজ মঙ্গলবারের জন্য প্রকাশিত কার্যতালিকায় এটিএম আজহারের মামলাটি এক নম্বর ক্রমিকে রয়েছে। তার আইনজীবী মোহাম্মদ শিশির মনির ইতিমধ্যে খালাসের প্রত্যাশার কথা জানিয়েছেন।
গত ৮ মে শুনানি শেষে রায়ের জন্য ২৭ মে দিন ধার্য করেছিল আপিল বিভাগ। একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে রংপুর অঞ্চলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার রায়ে জামায়াতের তৎকালীন সেক্রেটারি জেনারেল এটিএম আজহারকে মৃত্যুদণ্ডাদেশ দেয়। পরে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করেন তিনি। ২০১৯ সালের ৩১ অক্টোবর মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেয় আপিল বিভাগ।
২০২০ সালের ১৫ মার্চ আপিল বিভাগের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হওয়ার পর রায় রিভিউ (পুনর্বিবেচনা) চেয়ে একই বছরের ১৯ জুলাই আপিল বিভাগে আবেদন করেন তিনি। এটিএম আজহারের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৬ ফেব্রুয়ারি আপিল বিভাগ তাকে আপিলের অনুমতি দেয়। এর মধ্য দিয়ে মানবতাবিরোধী অপরাধের কোনো মামলায় প্রথম রিভিউ থেকে আবারও আপিলের পর্যায়ে আসে।
