জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, হিলি দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর। এর রাস্তা হবে দেশের সেরা রাস্তা। যে হিলি থেকে কোটি কোটি টাকা সরকার পায় সেই হিলির রাস্তা দিয়ে আসার সময় আমাদের পাকস্থলী একবার বুকে উঠে, আবার পাকস্থলীতে নামে। মঙ্গলবার দুপুর ৩টায় হিলি স্থলবন্দরের চার মাথায় এনসিপি হাকিমপুর উপজেলা শাখা আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
সারজিস বলেন, এতদিন ধরে উন্নয়নের নামে হিলিকে শোষণ করা হয়েছে। এখান থেকে নিয়ে যে যার পছন্দের এলাকায় ক্ষমতার অপব্যবহার করে বড় বড় এক্সপ্রেসওয়ে বানিয়েছেন। এতে আমাদের সমস্যা নেই। পুরো বাংলাদেশে এক্সপ্রেসওয়ে হোক। কিন্তু আমার হিলির যতটুকু উন্নয়ন দরকার ছিল, যতটুকু প্রাপ্য ছিল ততটুকু দিতে হবে।
তিনি বলেন, ১৬ বছর ধরে শুনলাম উন্নয়নের জোয়ারে দেশ ভেসে যাচ্ছে অথচ আমার এখানে যে রাস্তা দিয়ে শত কোটি টাকার পণ্য আমদানি রফতানি হয় সেই রাস্তায় আমার গাড়ি একবার ডান দিকে যায় একবার বাম দিকে যায়। সেই সাথে তিনি হিলিতে কোন আন্তঃনগর ট্রেন না থামার সমালোচনা করেন ও হাসপাতালে চিকিৎসক সংকটের কথা তুলে ধরেন। এছাড়া কোন দলের মার্কার প্রতি অন্ধভক্ত না হয়ে যে ভালো কাজ করবে তাকে ভোট দেওয়ার আহবান জানান।
অচিরেই হিলির এসব বিষয় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে দাবি উত্থাপনের কথা জানান তিনি। এ সময় সেখানে এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ডা. আব্দুল আহাদ, কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ডা. আতিক মুজাহিদ, যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার, যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিয়ন, যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানাসহ অনেকে উপস্থিত ছিলেন।
