জয় হত্যা ষড়যন্ত্রের মামলায় খালাস শফিক রেহমান

আপডেট : ২৮ মে ২০২৫, ০৭:৪৩ এএম

ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে ‘অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের’ মামলায় আপিলে খালাস পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক ও দৈনিক যায়যায়দিন পত্রিকার সম্পাদক শফিক রেহমান। গতকাল মঙ্গলবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ তারিক এজাজ তাকে খালাসের রায় দেন।

২০২৩ সালের আগস্টে নিম্ন আদালত শফিক রেহমান, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানসহ পাঁচজনকে সাত বছরের কারাদণ্ড দেয়। গত ১০ ফেব্রুয়ারি খালাস পান মাহমুদুর রহমান। শফিক রেহমান খালাসের রায় শুনে আদালত থেকে বের হয়ে আইনজীবী, সাংবাদিকদের লাল গোলাপের শুভেচ্ছা জানান।

আদালতের প্রশংসা করে তিনি বলেন, বিচার বিভাগ এখন স্বাধীন। তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ধন্যবাদ জানান। বলেন, ম্যাডাম খালেদা জিয়া বহু সভা-সমিতিতে আমার মুক্তি দাবি করেছিলেন। আমাকে গ্রেপ্তার করার পর তিনি দেশের আইনজীবীদের আমার পক্ষে দাঁড়াতে আহ্বান জানিয়েছিলেন। তার পক্ষের আইনজীবীদের তার পরিবারের সদস্যদের ধন্যবাদ জানান।সর্বোপরি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই জুলাই বিপ্লবীদের, যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন ও জীবিত আছেন তাদের সবাইকে। তাদের আত্মত্যাগের ফলেই আজ সত্যটা প্রতিষ্ঠিত হলো।

২০১৬ সালে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার মামলায় তিনি গ্রেপ্তার হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত