পাটগ্রামে পুশইনের শিকার ৬ ভারতীয় নাগরিক আটক

আপডেট : ৩০ মে ২০২৫, ১০:৩৬ পিএম

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী রেলস্টেশন এলাকা থেকে ছয় ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৩০ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ৬১ বিজিবি ব্যাটালিয়নের তিস্তা-২ এর আওতাধীন বুড়িমারী সাব-সেক্টরের সদস্যরা তাদের আটক করে। আটকদের মধ্যে চারজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। তাদের সবার বাড়ি ভারতের আসাম রাজ্যে।

আটক ব্যক্তিরা হলেন, সলিম উদ্দিন আহমদ (৪৮), আব্দুল গফুর (৫৬), কিসমত আলী (৬৩), রহমত আলী (৩৫), হাফিজা বেগম (৩৫), এবং নূরজাহান বেগম (৪৫)।

বিজিবি জানায়, ২৮ মে রাতে ভারতের আসাম রাজ্যের সীমান্তবর্তী এলাকা থেকে গীতলদহ বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের বাংলাদেশের পাটগ্রামের দইখাওয়া সীমান্ত পিলার ৯০৮/এস এর কাছে পুশইন করে। আটকরা প্রথমে স্থানীয় এক ব্যক্তির আশ্রয়ে ছিলেন। পরে শুক্রবার দুপুরে বুড়িমারী রেলস্টেশন এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় বিজিবি তাদের আটক করে।

আটক কিসমত আলী বলেন, “আমার বাড়ি আসামের নহাটি গ্রামে। আমার ভারতীয় পরিচয়পত্র, আধার কার্ড, প্যান কার্ড সবই রয়েছে। তবুও আমাদের বাংলাদেশি বানিয়ে জোর করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানো হয়েছে। দুই বছর ধরে অনেক কষ্টে রয়েছি। আসামে মুসলিমদের ওপর নির্যাতন বাড়ছে।”

বুড়িমারী বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আবুল কাসেম বলেন, “আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের কাগজপত্র বিএসএফের কাছে পাঠানো হয়েছে। বিএসএফ জানিয়েছে, বিষয়টি ভারতের পুলিশের মাধ্যমে যাচাই করে ৩১ মে’র মধ্যে আমাদের জানাবে। তারা যদি প্রকৃত ভারতীয় নাগরিক হন, তবে কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের ফেরত নেওয়া হবে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত