সুইজারল্যান্ডের আল্পসের বার্চ হিমবাহের একটি বড় অংশ ধসে পড়েছে। গত ২৮ মে এই ধসে বরফ, কাদা, পানি ও পাথরের ঢল নেমে আসে ব্লাটেন গ্রামে। বার্চ হিমবাহে ফাটল ধরায় ধসের আশঙ্কায় আগেই সতর্কতা জারি করেছিল কর্তৃপক্ষ। মে মাসের শুরুতে ব্লাটেন গ্রাম থেকে প্রায় ৩০০ জন বাসিন্দা ও তাদের গবাদি পশুও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ২৮ মে ড্রোনে ধারণ করা একটি ছবিতে দেখা যায়, হিমবাহ ধসে পড়ার কারণে আকাশে বিশাল ধুলোর মেঘ ছড়িয়ে পড়ে। কাদা ও পাথরের প্রবল ঢল পুরো পাহাড়ি উপত্যকাজুড়ে ছড়িয়ে পড়েছে। এতে ব্লাটেন গ্রামের প্রায় সবটুকুই ঢেকে যায়।
ভ্যালেইস ক্যান্টনের সরকারি কর্মকর্তা স্টেফান গ্যানজার সুইস গণমাধ্যমকে জানান, ব্লাটেন গ্রামের প্রায় ৯০ শতাংশ ভূমিধসে ঢেকে গেছে। এদিকে ব্লাটেন গ্রামের অনেক ভবন ও অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কর্মকর্তারা। হিমবাহ ধসের কারণে ৩.১ মাত্রার একটি ভূমিকম্পও অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। যদিও একজন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
এদিকে ধসের কারণে শুধু গ্রাম নয়, আশপাশের বনভূমিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপের কারণে বাধাপ্রাপ্ত হয়েছে লনজা নদীর প্রবাহ। ফলে বন্যার আশঙ্কাও সৃষ্টি হয়েছে।
