চৌহালীতে সাঁকো ভাঙা ৩ বছর, ১৫ গ্রামের মানুষের দুর্ভোগ

আপডেট : ০১ জুন ২০২৫, ১২:২০ এএম

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের রেহাইপুখুরিয়া উত্তরপাড়া খালের ওপর কাঠের সাঁকোটি তিন বছর আগে ভেঙে যাওয়ার পর থেকে এ সেতু দিয়ে তিনটি ইউনিয়নের ১৫টি গ্রামের ২০ হাজার মানুষের চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে তাদের উপজেলা সদরে যাতায়াতে আধা কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হচ্ছে।

গ্রামগুলো হলো বাঘুটিয়া ইউনিয়নের বাঘুটিয়া, রেহাইপুখুরিয়া, চরনাকালিয়া, উত্তরপাড়া, দক্ষিণপাড়া, চরবিনানুই, চরসলিমাবাদ, চৌবাড়িয়া, ভূতেরমোড়, কানারমোড়, দেওয়ানগঞ্জ, সম্ভুদিয়া, হাটাইল, খাসপুখুরিয়া ইউনিয়নের মিটুয়ানি ও ওমারপুর ইউনিয়নের পয়লা।

এ ছাড়া এ এলাকার রেহাইপুখুরিয়া কলেজ, আরপিএন শহীদ শাহজান কবির উচ্চবিদ্যালয়, রেহাইপুখুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অন্তত ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২ হাজার শিক্ষার্থী প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন। এখানে একটি সেতু নির্মাণে এলাকাবাসীর দাবি দীর্ঘদিনের। কিন্তু তাদের এ দাবি পূরণ না হওয়ায় প্রতি বছর বর্ষা মৌসুমে এ দুর্ভোগের মাত্রা আরও বেড়ে যায়। এখানে সেতু না

থাকায় মুমূর্ষু রোগী, কৃষকের ধান, চাল, গম, ভুট্টা, সরিষা ও ব্যবসায়ীদের মালামাল পরিবহনে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে।

রেহাইপুখুরিয়া বাজারের ব্যবসায়ী স্বপন সিকদার, আব্দুল্লাহ সরকার, রাব্বি হোসেন, বাঘুটিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য মতিউর রহমান বলেন, এখানে পাকা সেতু না থাকায় কৃষকদের মাঠ থেকে ধান, পাট, গমসহ নানা ফসল মাথায় করে আনতে হচ্ছে। মুমূর্ষু রোগীকে বাঁশের চাঙ্গারি বা কাঁধে করে পারাপার করতে হচ্ছে। তাই এ সমস্যা সমাধানে আমরা এখানে দ্রুত পাকা সেতু চাই।

রেহাইপুখুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মফিজুল ইসলাম জানান, রেহাইপুখুরিয়া কলেজ, আরপিএন শহীদ শাহজান কবির উচ্চবিদ্যালয়, রেহাইপুখুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ এ এলাকার অন্তত ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন।

এ বিষয়ে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, রেহাইপুখুরিয়া খালের ওপর ভাঙা কাঠের সাঁকোটি দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া বর্ষা মৌসুমের পর এখানে স্থায়ীভাবে কংক্রিটের সেতু ও সংযোগ সড়ক নির্মাণ করা হবে। এ জন্য এলজিইডির পক্ষ থেকে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। টেন্ডার প্রক্রিয়া শেষ হলে সেখানে স্থায়ীভাবে কংক্রিটের ব্রিজ নির্মাণের কাজ শুরু হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত