দুষ্কৃতকারীদের হামলায় নিয়োগ পরীক্ষা স্থগিত, আটক ৩

আপডেট : ০১ জুন ২০২৫, ১২:২৩ এএম

নাটোরের বাগাতিপাড়ায় দুষ্কৃতকারীদের হামলায় একটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষা স্থগিত হয়ে গেছে। গতকাল শনিবার সকালে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের নন্দীকুজা উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম দাবি করেন, চাঁদা না দেওয়ার কারণে তারা এ হামলা চালিয়েছে। এ ঘটনায় প্রধান শিক্ষক বিষয়টি সেনাবাহিনীকে জানালে সেনাবাহিনীর টিম এলাকায় অভিযান চালিয়ে আলতাব, মাহাবুব ও রাসেল নামের তিনজনকে আটক করে। পরে তাদের থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে পরিচ্ছন্নতাকর্মী, নিরাপত্তাকর্মী ও কম্পিউটার ল্যাব অপারেটর এই তিনটি পদে নিয়োগ পরীক্ষা চলছিল। লিখত পরীক্ষা শেষে অফিস কক্ষে ভাইভা চলছিল।

এ সময় নন্দীকুজা এলাকার আলতাফ হোসেন (৫৮), মাহাবুর রহমান নাবিল (৪৬), ফয়সাল হোসেন (২৮) এবং রাসেল আলী (২৭) লাঠিসোঁটা নিয়ে এসে হামলা চালান। এতে প্রধান শিক্ষক আহত হন। অফিস কক্ষের আসবাবপত্র ও কাগজপত্র নষ্ট করা হয়। একপর্যায়ে নিয়োগ বোর্ডের সদস্যরা চলে গেলে সভাপতির নির্দেশনা অনুযায়ী পরীক্ষা স্থগিত করেন প্রধান শিক্ষক।

নন্দীকুজা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, ‘বিদ্যালয়ে তিনজন চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষা চলছিল। এমন সময় এলাকার দুষ্কৃতকারীরা এসে হামলা চালিয়ে তাকে মারধরসহ নিয়োগ বোর্ডের সদস্যদের লাঞ্ছিত করেছে। ফলে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন থেকে চাঁদা দাবি করে আসছিল ওই ব্যক্তিরা। চাঁদার টাকা না দেওয়ার জন্যই তারা এ ঘটনা ঘটিয়েছে।’

বাগাতিপাড়া মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘এ ঘটনায় তিনজনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত