চুয়াডাঙ্গার জীবননগরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মচারী আবদুল গাফফারকে ট্রেন থেকে ফেলে হত্যার অভিযোগে জড়িত ব্যক্তিদের শাস্তি দাবিতে মানববন্ধন ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন তার স্বজন এবং এলাকাবাসী। গতকাল রবিবার উপজেলার উথলী রেলস্টেশনে এই কর্মসূচি পালিত হয়।
কর্মসূচি চলাকালে খুলনা থেকে রাজশাহীগামী একটি ট্রেন উথলী রেলস্টেশনে পৌঁছালে বিক্ষোভকারীরা প্রায় ২০ মিনিট ট্রেন আটকে বিক্ষোভ করেন। এ সময় তারা গাফফার হত্যা মামলার আসামি টিটিই লালন চক্রবর্তী, অ্যাটেনডেন্ট মিলন ও সোহাগ মিয়া এবং জিআরপি পুলিশের এসআই পারভেজ এবং কনস্টেবল কাদেরের শাস্তির দাবি করেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ২১ মে কপোতাক্ষ ট্রেনের ‘ঙ’ বগিতে দায়িত্বে থাকা টিটিই, রেলওয়ে পুলিশ ও অ্যাটেনডেন্টরা টিকিট না কেটে ওঠা যাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করছিলেন এবং তাদের কাছে অবৈধভাবে টাকা দাবি করছিলেন। এ ঘটনার প্রতিবাদ করায় রেলওয়ে পুলিশসহ অন্যরা গাফফারকে টেনেহিঁচড়ে দরজার কাছে নিয়ে জয়রামপুর রেলস্টেশনের কাছে ধাক্কা মেরে ফেলে দেন। এতে ঘটনাস্থলে গাফফারের মৃত্যু হয়।
