রাজধানীতে চলন্ত বাসে অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন আক্কাস আলী (৩৮) নামে এক প্রবাসী। প্রতারকরা তার সর্বস্ব হাতিয়ে নিয়েছে। মঙ্গলবার (৩ জুন) বিকেল ৫টার দিকে কাকরাইল মোড় থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তাকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী আলিমুজ্জামান জানান, তাদের বাড়ি যশোরেল বাঘেরপাড়া থানার জামালপুর গ্রামে। আক্কাস আলী মালয়েশিয়া প্রবাসী। দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়ায় থাকেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে মালয়েশিয়া থেকে ঢাকার বিমানবন্দরে নামেন। সেখান থেকে গাজীপুর পরিবহনের একটি বাসে করে গুলিস্তানে আসছিলেন।
বিকেলে গ্রাম থেকে আলিমুজ্জামানকে ফোনে জানান হয়, আক্কাস আলী কাকরাইল মোড় ট্রাফিক পুলিশ বক্সের পাশে অচেতন অবস্থায় পড়ে আছেন। তাৎক্ষণিক তিনি সেখানে গিয়ে আক্কাস আলীকে দেখতে পান। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করান। তার সাথে লাগেজ, টাকা পয়সা পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, গাজীপুর পরিবহনের ওই বাসের মধ্যে অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছিলেন তিনি।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, বিকেলে কাকরাইল থেকে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। তার পাকস্থলী পরিস্কার করার পর চিকিৎসকরা মেডিসিন ওয়ার্ডে ভর্তি রাখেন।
