‘আওয়ামী লীগ বাজেটের বড় অংশ পাচার করেছে’

আপডেট : ০৩ জুন ২০২৫, ০৯:৫৪ পিএম

খুনি আওয়ামী লীগের সময় যে বাজেট পেশ করা হয়েছিল, সেই বাজেটের বৃহৎ অংশ তারা চুরি, ডাকাতি ও পাচার করেছে। অন্তর্বর্তী সরকার যে বাজেট দিচ্ছে, তা অবশ্যই জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। মঙ্গলবার (৩ মে) দুপুরে সাভারের হেমায়েতপুরে পূর্বহাটি ঈদগাহ মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমান উল্লাহ আমান এ মন্তব্য করেন।

আমান উল্লাহ আমান বলেন, ‘খুনি, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে যে বাজেট অনুমোদন করা হয়েছিল, সেই বাজেটের বৃহৎ অংশ তারা লুটতরাজ, চুরি, ডাকাতি করেছে এবং সেই টাকা পাচার করেছে। আজকে অন্তর্বর্তী সরকার যে বাজেট দিচ্ছে, অবশ্যই জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবং তাদের প্রত্যাশা পূরণ হবে এটাই আমাদের বিশ্বাস। এছাড়া অন্তর্বর্তী সরকার চেষ্টা করছেন একটা সফল নির্বাচন করবেন, এটিই আমাদের প্রত্যাশা।’

আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে আমান উল্লাহ আমান বলেন, গত ১৭ বছরে স্বৈরাচারী হাসিনা সরকার বিএনপিকে ধ্বংস করার সব রকম চেষ্টা করেছে। কিন্তু আল্লাহর রহমতে তারা তা পারেনি, পারবেও না। ক্ষমতা চিরস্থায়ী নয় মন্তব্য করে আমান বলেন, আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন, যাকে ইচ্ছা ধ্বংস করেন। এখন সেই প্রতিফলনই আওয়ামী লীগের ওপর পড়েছে। আওয়ামী লীগ আর কোনো দিন এ দেশে রাজনীতি করতে পারবে না।

এর আগে আলোচনা সভায় তিনি ঘোষণা দেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমার ছেলে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি ঢাকা-২ আসন থেকে নির্বাচন করবে। আমার বিশ্বাস, আপনারা তাকে সর্বোচ্চ ভোটে নির্বাচিত করবেন।

আয়োজিত অনুষ্ঠানে তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মো. মহিউদ্দিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন সরকার, সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী কফিল উদ্দিন, সাভার পৌর আওয়ামী লীগের সভাপতি শাহ মাইনুল ইসলাম খান বিল্টু প্রমুখ।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জিয়ার ৪৪ তম শাহাদত বার্ষিকীর দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধান করেন যুবনেতা ইয়ার মো. ইয়াসিন সরকার শাওন। এছাড়া ঢাকা-২ আসনের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং ঢাকা জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত