স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনা

স্টপেজ থেকেই যাত্রীদের ছবি তুলতে হবে

আপডেট : ০৪ জুন ২০২৫, ০৭:৩৩ এএম

ঈদযাত্রায় ডাকাতি ও অনাকাক্সিক্ষত ঘটনা রোধে বাস স্টপেজ থেকে যাত্রীদের ছবি তোলার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘বাস মালিক সমিতির সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, সরকার নির্ধারিত ভাড়ার বাইরে কোনো অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। গত ঈদে ফেরার পথে কিছু ক্ষেত্রে এ নিয়ম ভঙ্গ হয়েছিল। এবার আসা-যাওয়া উভয় পথেই নির্ধারিত ভাড়া কঠোরভাবে মানতে হবে।’ তিনি জানান, অদক্ষ ড্রাইভারদের বাস চালানো থেকে বিরত রাখতে মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে, কারণ এটি দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। ডাকাতি প্রতিরোধের বিষয়ে তিনি বলেন, ‘যাত্রীদের ছদ্মবেশে ডাকাতরা বাসে উঠতে পারে। তাই দূরপাল্লার প্রতিটি বাসে প্রথম স্টপেজ থেকে শেষ স্টপেজ পর্যন্ত সব যাত্রীর ছবি তুলতে হবে। উদাহরণস্বরূপ, আমিন বাজারে যাত্রী ওঠানো শেষে ছবি তুলে দরজা বন্ধ করতে হবে। সাভারে যাত্রী উঠলে সেখানেও ছবি তুলতে হবে।’

তিনি জানান, বাসে থাকা তিনজন কর্মীকে যেকোনো অনাকাক্সিক্ষত ঘটনার আশঙ্কায় মালিকপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগের নির্দেশ দেওয়া হয়েছে।

উপদেষ্টা বলেন, ফিটনেসবিহীন বা পুরনো গাড়ি ব্যবহার করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চালকদের নির্ধারিত গন্তব্যে পৌঁছানোর পর পর্যাপ্ত বিশ্রাম দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

ঈদুল আজহার সময় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ছুটি বাতিল করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ঈদের ১০ দিনের ছুটিতে রাজধানীর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। চাঁদাবাজি প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং দলীয় পরিচয় নির্বিশেষে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত