গাজীপুরে স্ত্রীকে গলা কেটে হত্যার পর লাশ কাঁথা দিয়ে পেঁচিয়ে রেখে পালিয়ে গেছে স্বামী শামিম হোসেন। গত মঙ্গলবার রাত দেড়টার দিকে মহানগরীর মোগরখাল এলাকায় লাভলী বেগমের ভাড়া বাড়ি থেকে ওই নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রতনা আক্তার (২২) সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার বেলতলা এলাকার মোতালেব মিয়ার মেয়ে। তিনি স্থানীয় বিডি ফ্যাশন কারখানায় চাকরি করতেন।
পুলিশ ও প্রতিবেশী ভাড়াটিয়ারা জানায়, শামিম হোসেন ও রতনা আক্তার গাজীপুর মহানগরীর মোগরখাল এলাকায় লাভলী বেগমের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় কারখানায় চাকরি করতেন। তাদের নিজেদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। চার থেকে পাঁচ দিন ধরে তাদের ঘরের বাইরে তালা ঝুলছিল। গত মঙ্গলবার রাতে প্রতিবেশী ভাড়াটিয়ারা দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা-পুলিশ রাত দেড়টার দিকে ঘরের তালা ভেঙে দেখেন রতনাকে গলা কেটে হত্যা করে লাশ কাঁথা দিয়ে পেঁচিয়ে রাখা হয়েছে। পুলিশ ধারণা করছে, কোনো কারণে অনুমানিক পাঁচ থেকে ছয়-দিন আগে তাকে হত্যা করে তার স্বামী শামিম হোসেন পালিয়ে গেছে।
গাজীপুরের বাসন থানার এসআই আবু সাঈদ বলেন, খবর পেয়ে গলাকাটা ও অর্ধগলিত ওই নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, তার পলাতক স্বামী শামিম হোসেনকে গ্রেপ্তার করতে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
