মাদকসহ চাকরিচ্যুত পুলিশ সদস্য গ্রেপ্তার

আপডেট : ০৫ জুন ২০২৫, ০৫:৪৮ পিএম

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় মাদকসহ মনিরুজ্জামান (৩৮) নামের এক চাকরিচ্যুত পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেপ্তার মনিরুজ্জামানের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ ফলিয়া গ্রামে। তিনি ওই গ্রামের ছমসের উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার (৫ জুন) বিকাল সাড়ে ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধা কার্যালয়ের উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ।

তিনি জানান, গ্রেপ্তারকৃত মনিরুজ্জামান দীর্ঘদিন থেকে জেলার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল পলাশবাড়ী উপজেলা শহরে অভিযান চালানো হয়। এসময় রাত ৩টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার চারমাথা এলাকায় একটি প্রাইভেটকার জব্দ করা হয়। পরে ওই প্রাইভেটকারে চল্লাশি চালিয়ে ১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ প্রাইভেটকারটি ও তার মালিক মনিরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। মাদক ছাড়াও তার কাছ থেকে নগদ ৬৩ হাজার ২৫০ টাকা পাওয়া যায়। পরে তাকে পলাশবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এসআই মামুনুর রশিদ আরও জানান, গ্রেপ্তার মনিরুজ্জামান পুলিশে চাকরি করতেন। পাঁচ বছর আগে একই অপরাধে তার পুলিশের চাকরি চলে যায়।

পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী ভুট্টু বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধা কার্যালয়ের উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ বাদী হয়ে মনিরুজ্জামানের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার পর আসামি আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত