চলতি হজ মৌসুমে হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে আরও কঠোর ব্যবস্থা নিয়েছে সৌদি আরব। এবার মক্কা নগরীর চারপাশে বসানো হয়েছে যুক্তরাষ্ট্রে নির্মিত ‘প্যাট্রিয়ট’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। হজ চলাকালে আকাশপথে নজরদারির জন্য মোতায়েন করা হয়েছে সামরিক হেলিকপ্টারও।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হজযাত্রীদের নিরাপত্তাই তাদের মূল অগ্রাধিকার। এ লক্ষ্যে মক্কার চারপাশে আধুনিক প্রযুক্তিনির্ভর ‘প্যাট্রিয়ট’ সিস্টেম স্থাপন করা হয়েছে। মন্ত্রণালয়ের প্রকাশিত ছবিতে দেখা যায়, মক্কার আশপাশে সক্রিয় রয়েছে এ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইউনিট।
এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি পোস্টে দেখা যায়, একটি সামরিক হেলিকপ্টার কাবা শরিফ ও এর আশপাশের এলাকায় আকাশপথে টহল দিচ্ছে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের হজে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কয়েক মিলিয়ন মুসল্লি সৌদি আরবে যাচ্ছেন। তাদের নিরাপত্তা নিশ্চিতে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
সামরিক ব্যবস্থার অংশ হিসেবে মোতায়েন করা ‘প্যাট্রিয়ট’ সিস্টেম ব্যালিস্টিক মিসাইল, ড্রোন এবং অন্যান্য আকাশপথের হুমকি শনাক্ত ও প্রতিরোধে সক্ষম। আকাশপথে হেলিকপ্টার টহলও এ নিরাপত্তা বলয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ।
সৌদি কর্মকর্তারা বলেন, ‘হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এ লক্ষ্যে সম্ভাব্য সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
ঈদে চোরাশিকার ঠেকাতে মাঠে বন বিভাগ, ছুটি বাতিল ৩১ ইউনিটের
কালিহাতীর উপসড়কে মিলল যুবকের লাশ