ঈদের দিন রাজধানীতে বৃষ্টি

আপডেট : ০৭ জুন ২০২৫, ০১:৪৮ পিএম

রাজধানী ঢাকায় আজ শনিবার দুপুরের আগে হালকা বৃষ্টি হয়েছে। এর সঙ্গে ছিল হালকা বাতাস, যা সকাল থেকে বিরাজমান ভ্যাপসা গরমের মধ্যে কিছুটা স্বস্তি এনে দিয়েছে নগরবাসীর জন্য।

দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর বারিধারা ও বাড্ডা এলাকায় বৃষ্টির দেখা মেলে। তবে তার আগে থেকেই আকাশ ধীরে ধীরে কালো হয়ে আসে, যা বৃষ্টির পূর্বাভাস দিচ্ছিল।

ঈদুল আজহার ছুটির কারণে আজ রাজধানীর সড়কগুলোতে গণপরিবহনের উপস্থিতি ছিল কম। তবে সড়ক ফাঁকা থাকায় যাতায়াতে স্বস্তি মিলেছে নগরবাসীর মধ্যে, যদিও যানবাহনের স্বল্পতা কিছুটা ভোগান্তিও তৈরি করেছে।

এর আগে শুক্রবার রাতে আবহাওয়া অধিদপ্তর সারাদেশের জন্য শনিবারের সম্ভাব্য আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছিল, দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত