শমিত কি খেলবেন সিঙ্গাপুরের বিপক্ষে

আপডেট : ০৯ জুন ২০২৫, ০৬:০৬ পিএম

এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ আগামীকাল খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে। হামজা চৌধুরী ও ফাহামিদুলের পর বাংলাদেশ দলে যোগ দিয়েছেন কানাডা প্রবাসী ফুটবলার শমিত সোমও। ভুটানের বিপক্ষে তিনি স্কোয়াডে না থাকলেও ছিলেন মাঠে। আগামীকাল সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে তার অভিষেক সম্ভাবনা রয়েছে ব্যাপক।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ হেড কোচ হাভিয়ের কাবরেরাও দিলেন তেমন আভাস। শমিতকে নিয়ে তিনি বলেন, ‘আমি আজকের অনুশীলনের পর ২৩ জন চূড়ান্ত করবো। শমিত আমাদের সঙ্গে ভালোই মানিয়ে নিয়েছে। ট্যাকটিকস, টেকনিক সব কিছুতে সবার সঙ্গে মিলেছে। প্রথমবার এসেই সে দলে যে প্রভাব রাখছে সেটা খুব ভালো। অন্যদের সঙ্গে ওর বোঝাপড়া ভালো। তাছাড়া অনেকবার আলাদা আলাদা মিটিং করেছি ওর সঙ্গে। খুব ইতিবাচক ফুটবলার।’

সামগ্রিকভাবে দলের প্রস্তুতি হয়েছে কোচের মনমতো। তিনি বলেন, ‘আমাদের প্রস্তুতি ভালোই হয়েছে। যদিও অল্প সময় প্রস্তুতি নিয়েছি। কিন্তু ফুটবলারা অনুশীলনে মনোযোগ দিয়েছে বেশি। ওরা সবাই কঠিন পরিশ্রম করেছে। কারণ এই ম্যাচ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এর আগে আমরা ভুটানের সঙ্গে একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছি। ওই ম্যাচে জয়ের কারণে আত্মবিশ্বাস বেড়েছে। শেষ পর্যন্ত বড় ম্যাচ চলে এসেছে। চ্যালেঞ্জের জন্য আমরা প্রস্তুত।’

প্রতিপক্ষ সিঙ্গাপুরকে নিয়ে কাবরেরা জানান, ‘ওই ম্যাচ দেখেছি। আমাদের সামর্থ্য আছে আক্রমণভাগে ভালো করা। মাঝমাঠও ভালো। ভালো ট্রেনিং হয়েছে। আক্রমণাত্মক ফুটবলই খেলব। দলে যারা আছে ওদের যে কোয়ালিটি আছে সেটায় আস্থা আছে। আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। তবে এটা সত্যি সিঙ্গাপুর অবশ্যই কঠিন দল।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত