জামায়াতের পরামর্শে প্রধান উপদেষ্টা এপ্রিলে নির্বাচন ঘোষণা দিয়েছেন বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবিলী রব্বানিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় এক রাজনৈতিক সভায় রবিবার বিকেলে তিনি এ মন্তব্য করেন।
নাসির বলেন, এপ্রিল মাসে নির্বাচন হলে রমজান মাসের যে আবহ রয়েছে ক্ষুণœ হবে। কারণ রমজানে নির্বাচনী প্রচার খুবই জটিল কাজ। তখন মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্তরের বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা নির্বাচনী আমেজ এবং উৎসব থেকে বঞ্চিত হবে। আমাদের দল বিএনপির পক্ষ থেকে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানানো হয়েছে। এই দাবিটি খুবই যৌক্তিক দাবি। কারণ, বাংলাদেশে নির্বাচন আয়োজনের যে সংস্কৃতি, সেখানে দেখেছি সব সময় জানুয়ারি বা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হতে। কারণ এই সময় আবহাওয়া উপযোগী থাকে। অথচ প্রধান উপদেষ্টা একটি মাত্র দল জামায়াতের পরামর্শে এপ্রিলে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। এতে অধিকাংশ জনগণের মতামতকে উপেক্ষা করা হয়েছে।
