প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ মৎস্য ও পশুসম্পদ ফাউন্ডেশনের ঘেরে ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় ঘেরের চার কর্মচারী আহত হয়েছেন বলে দাবি করেছে ঘের কর্তৃপক্ষ।
মঙ্গলবার দিনগত রাত আড়াইটার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার চিংড়ি জোনের রামপুর মৌজায় ৩০০ একর আয়তনের ঘেরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের খামার ব্যবস্থাপক উৎপল কান্তি চৌধুরী।
তিনি বলেন, ‘রাত আড়াইটার দিকে অস্ত্রধারী ৭-৮ জন ডাকাত আমাদের খামার অফিস এলাকায় ঢুকে পড়ে। প্রত্যেকের হাতে আগ্নেয়াস্ত্র ও কিরিচ ছিল। ডাকাতেরা খামার অফিসের সব কর্মকর্তা-কর্মচারীকে জিম্মি করে বিক্রির জন্য প্যাকেট করা বাগদা, কোরাল, বাটাসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৫০ হাজার টাকার মাছ লুট করে নিয়ে যায়। ঘের কর্মচারীদের দুটি মোবাইল ও ছয়টি টর্চলাইটও লুট করে নেয়। বিষয়টি চকরিয়া থানার ওসিকে অবহিত করা হয়েছে।
উৎপল কান্তি চৌধুরী জানান, ডাকাত দল যখন মাছ লুট করছিল, তখন কর্মকর্তা-কর্মচারীরা বাধা দিলে তাদের মারধর করা হয়। মারধরে ঘেরের মসজিদের ইমাম মোজাম্মেল হক, কর্মচারী নাসির উদ্দিন, মো. মোজাম্মেল ও মো. মিজান আহত হয়েছেন।
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘খামার ব্যবস্থাপকের মৌখিক অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’
