সাড়ে তিন হাজারের বেশি হাজি দেশে ফিরেছেন

আপডেট : ১২ জুন ২০২৫, ০৫:৪৯ এএম

পবিত্র হজ পালন শেষে গতকাল বুধবার পর্যন্ত সাড়ে তিন হাজারের বেশি হাজি দেশে ফিরেছেন। গতকাল বুধবার বাংলাদেশ বিমানসহ ১১টি ফ্লাইটে হাজিরা দেশে ফেরেন। গত মঙ্গলবার থেকে শুরু হয় হজ ফ্লাইট।

বাংলাদেশ বিমানের মুখপাত্র রওশন কবীর গণমাধ্যমকে জানিয়েছেন, গতকাল বুধবার সকাল ৫টা ৫০ এবং বেলা ১০টা ৫০ মিনিটে হাজিদের নিয়ে বাংলাদেশ বিমানের ২টি ফ্লাইট শাহজালালে অবতরণ করে। এ ছাড়াও সৌদি এয়ারলাইন্সের ৫টি ফ্লাইট এবং ফ্লাইনাস এয়ারের ৪টি ফ্লাইট পরিচালিত হচ্ছে। মোট ১১টি ফ্লাইটে সাড়ে ৩ হাজারের বেশি হাজি দেশে আসেন।

আগামী ১০ জুলাই পর্যন্ত চলবে ফিরতি হজের ফ্লাইট। এবার বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১৫৭ জন হজ পালন করেছেন। গতকাল বুধবার ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালে বাংলাদেশি হাজিদের মৃত্যুসংক্রান্ত হালনাগাদ সংবাদে জানানো হয়, সৌদি আরবে এ বছর পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ২২ বাংলাদেশির মৃত্যুর খবর জানা গেছে। তাদের মধ্যে ২০ জন পুরুষ ও ২ জন নারী। বাংলাদেশি এই ২২ জনের মধ্যে সৌদি আরবের মক্কায় ১৪ জন, মদিনায় ৭ ও আরাফাতে আরও একজন মারা গেছেন।

হজ ব্যবস্থাপনা পোর্টালে বলা হয়েছে, সর্বশেষ গত মঙ্গলবার গোলাম মোস্তফা নামে বাংলাদেশি একজন হাজির মৃত্যু হয়েছে। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। মক্কায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। গোলাম মোস্তফা বেসরকারি ব্যবস্থাপনায় হজে গিয়েছিলেন।

গত ২৯ এপ্রিল প্রথম হজযাত্রী হিসেবে মারা যান রাজবাড়ীর মো. খলিলুর রহমান (৭০)। এরপর থেকে পর্যায়ক্রমে মৃত্যু ঘটে কিশোরগঞ্জ, পঞ্চগড়, ঢাকা, জামালপুর, নীলফামারী, চট্টগ্রাম, গাজীপুর, চাঁদপুর, রংপুর, জয়পুরহাট, মাদারীপুর, নোয়াখালী, গাইবান্ধা ও খুলনাসহ বিভিন্ন জেলার হাজিরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত