ডিএমপির নির্দেশনা

বিচারকেন্দ্রিক কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

আপডেট : ১৩ জুন ২০২৫, ০৬:২২ এএম

প্রধান বিচারপতির বাসভবন, বিচারপতি ভবন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও আদালতসংলগ্ন কয়েকটি এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামীকাল শনিবার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানানো হয়।

গতকাল বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নম্বর-ওওও/৭৬)-এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামীকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২-এর প্রবেশ গেট, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো।

গণবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ ছাড়া বিভিন্ন দাবি-দাওয়া আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে যখন-তখন সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘœ না ঘটানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে আবার অনুরোধ করা হলো।

শেখ হাসিনার বিচারকে কেন্দ্র করে এ ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে কি না জানতে চাইলে ডিএমপির মিডিয়া বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘বিচারের বিষয়টি ট্রাইব্যুনালের। এ বিষয়ে আমাদের কোনো কিছু জানা নেই। আমরা শুধু সভা-সমাবেশের নিষেধাজ্ঞা দিয়েছি।’

এদিকে হাসিনার বিচারের বিষয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবীর সঙ্গে কথা হলে তারাও কোনো তথ্য জানেন না বলে জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত