দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে আগুন, আহত ৩

আপডেট : ১৫ জুন ২০২৫, ১২:৫২ এএম

কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনতলার স্টোররুমে অগ্নিকাণ্ডের ঘটনায় রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা ভয়ে ছোটাছুটি করতে থাকেন। মুহূর্তের মধ্যে ধোঁয়ায় চারদিক অন্ধকার হয়ে যায়। তবে কোনো বড় ধরনের ক্ষতি হয়নি। এতে হাসপাতালের ওয়ার্ডে ভর্তি রোগীদের এবং বহির্বিভাগে চিকিৎসাসেবা প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে হাসপাতালের তিনতলার স্টোররুমে ধোঁয়া দেখে পাশের ওয়ার্ডের রোগীর স্বজন ও সেবিকারা আগুন আগুন বলে চিৎকার শুরু করেন। এ সময় হাসপাতালে থাকা রোগী ও তাদের স্বজনরা দৌড়াদৌড়ি শুরু করেন। পরে হাসপাতাল কর্র্তৃপক্ষ পল্লী বিদ্যুৎ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে হাসপাতালের আউটসোর্সিংয়ে কর্মরত ইয়াসিন, মেহেদি ও মুছা নামে তিন কর্মচারী আহত হন। আহতদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

দাউদকান্দি ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. ইদ্রিস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আসার পর স্থানীয় এবং হাসপাতালের লোকজনের সহযোগিতায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। পরে তদন্ত সাপেক্ষে মূল কারণ জানা যাবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বলেন, ‘তিনতলায় ডেঙ্গু রোগীদের ওয়ার্ডের পাশের কক্ষে ওষুধসহ রোগীদের সেবার কাজে ব্যবহৃত সব ধরনের মালামালের সঙ্গে কিছু দামি সরঞ্জামও ছিল। ওই কক্ষে আগুনে অধিকাংশ মালামালই পুড়ে নষ্ট হয়ে গেছে। কিছু মালামাল বের করতে পারলেও তা ভালো আছে কি না পরে যাচাই করে বলেতে পারব। আর আগুন নিয়ন্ত্রণ এবং মালামাল বের করতে গিয়ে আমাদের আউটসোর্সিংয়ে কাজ করা তিনজন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত