স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিগত সরকারের সময়ে পিট্টি মারলে (মারধর করলে) পুলিশ খুব সচল বলে ভাবা হতো। সরকার এমন পুলিশ চাইছে না। তিনি বলেন, ‘বর্তমান পুলিশ মানবিক পুলিশ এবং আগের থেকে তারা অনেক সক্রিয়। আমরা মানবিক পুলিশ চাচ্ছি। সবার সঙ্গে যাতে ভালো ব্যবহার করে।’ গতকাল রবিবার সচিবালয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভা শেষে এমন মন্তব্য করেন জাহাঙ্গীর আলম।
আইনশৃঙ্খলা পরিস্থিতি কাক্সিক্ষত পর্যায়ে সচল হয়নি এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘কে বলল সচল হয়নি? এখন সচল হওয়া বলতে যদি আপনারা আগের ১৫ বছরের মতো ভাবেন, গালে দুটি পিট্টি মারলে, পুলিশ খুব সচল। আমরা তো ওই পুলিশ চাচ্ছি না, আমরা মানবিক পুলিশ চাচ্ছি। সবার সঙ্গে যাতে ভালো ব্যবহার করে। তিনি আরও বলেন, ‘যদি ভাবি পুলিশের কাজ হবে দুটি বাড়ি মারবা, লাথি মারবা। ওই পুলিশ তো আমরা চাচ্ছি না। এখন পুলিশ হলো মানবিক পুলিশ। এখন হয়তো লোকজন ভাবছে পুলিশ সচল হয়নি। পুলিশ কিন্তু আগের থেকে এখন আরও বেশি সক্রিয়। র্যাবের পোশাক পরে ডাকাতির ঘটনা ঘটেছে, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘র্যাবের পোশাক পরে যে ঘটনাটা ঘটেছে, এটা নিয়ে আমরাও খুব উদ্বিগ্ন। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এটার সঙ্গে যে-ই জড়িত, আমরা যত তাড়াতাড়ি সম্ভব, তাদের আইনের আওতায় নিয়ে আসতে পারি।’
‘ভারতের পুশইন চলছে’, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘আমরা এ বিষয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালযয়ের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগ করেছি। ভারতে আমাদের যে হাইকমিশনার আছেন, তিনিও আমাদের অফিসে এসেছিলেন। আমরা বলেছি, আমাদের দেশের নাগরিক যদি ভারতে থেকে থাকে, প্রপার চ্যানেলে পাঠাও। আমরা নেব। জঙ্গলের মধ্যে, নদীর মধ্যে, লেকের মধ্যে ফেলে দেওয়া এটা কোনো সভ্য দেশে হওয়া উচিত নয়।’
