বাড্ডায় নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

আপডেট : ১৬ জুন ২০২৫, ০৮:০৮ পিএম

রাজধানীর উত্তর বাড্ডার একটি বাসা থেকে সুমি আক্তার (২৭) নামের এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে ধারণা পুলিশের।

আজ সোমবার দিবাগত রাত ১১টার দিকে উত্তর বাড্ডার হাজী সোনা মিয়া মাতবর রোডের একটি বাসার তৃতীয় তলা থেকে মরদেহটি উদ্ধার করে বাড্ডা থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

নিহত সুমি আক্তারের ছোট বোন রুবি আক্তার নুপুর জানান, তাদের বাড়ি পটুয়াখালীর দুমকি উপজেলার বাঁশবুনিয়া গ্রামে। বর্তমানে উত্তর বাড্ডার হাজী সোনা মিয়া মাতবর রোডের বাসার তৃতীয় তলায় স্বামী রাসেলের সঙ্গে ভাড়া থাকতেন।

তিনি আরও জানান, গত এক বছর আগে ঢাকায় নিজে পছন্দ করে রাসেলকে বিয়ে করেছে বলে সুমি তাদের জানিয়েছিল। তবে পরিবারের একমাত্র মা ছাড়া অন্য কারও সঙ্গেই কোনও যোগাযোগ ছিল না সুমির। গত ৯ জুনের পর থেকে মা সুমির সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারছিলেন না। ফোন বন্ধ পাচ্ছিলেন। এক পর্যায়ে বিভিন্ন জায়গায় তাকে খোঁজাখুঁজি করা হয়। খুঁজা হয় উত্তর বাড্ডার ভাড়া বাসায়ও। তবে সেই বাসার দরজা বাইরে থেকে তালাবদ্ধ পেয়ে স্বজনরা চলে যান। এরপর রবিবার রাতে বাসার আরেক ভাড়াটিয়ার মাধ্যমে তারা খবর পান, সুমির রুম থেকে উৎকট গন্ধ বের হচ্ছে। এরপর রবিবার রাতেই বাসায় গিয়ে বাড়িওয়ালা ও থানা পুলিশের সহযোগিতায় দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে তারা দেখেন, বিছানার ওপর পড়ে আছে সুমির লাশ।

রুবি আক্তার অভিযোগ করেন, স্বামী রাসেল সুমিকে শ্বাসরোধ করে হত্যা করে বাইরে থেকে দরজা তালাবন্ধ করে পালিয়ে গেছে।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) ফাতেমা সিদ্দিকা সোমা জানান, রবিবার রাতে খবর পেয়ে উত্তর বাড্ডার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় বাইরে থেকে তালাবন্ধ ছিল। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে কয়েকদিন আগে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। মরদেহটি পচে গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত