গাজীপুরের শ্রীপুরে চাকরির প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে বেসরকারি ব্যাংকের এটিএম বুথের ভেতরে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত নিরাপত্তকর্মীকে সোমবার (১৬ জুন) রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৫ জুন) সকাল ১০ টার দিকে তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের তালহা স্পিনিং মিলস এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার দিন বিকালেই মামলা দায়ের করেন ভুক্তভোগী কিশোরীর বাবা ।
অভিযুক্ত ব্যক্তির নাম লিটন মিয়া (৪০)। তিনি মুলাইদ গ্রামের আতাবুদ্দিন মুসার বাড়ির ভাড়াটিয়া ও ওই এটিএম বুথের নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার পর থেকে লিটন মিয়া পলাতক ছিলেন।
ভুক্তভোগী কিশোরীর বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার একটি গ্রামে। তিনি বাবা-মার সঙ্গে মুলাইদ গ্রামের একটি বাড়িতে ভাড়া থাকেন। কিশোরীর বাবা মা পোশাক কারখানায় চাকরি করেন। তিনি স্পিনিং মিলে চাকরি করেন।
ভুক্তভোগী কিশোরীর বাবা জানান, বুথের নিরাপত্তা কর্মী লিটনের সঙ্গে আমাদের পরিচয় হয়। পরে আমার মেয়েকে অন্য কারখানায় ভালো বেতনের চাকরির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন লিটন। রবিবার চাকরির কথা বলে বুথে ডেকে নেন। পরে কৌশলে জোর করে ধর্ষণ করেন।
শ্রীপুর মডেল থানার (ওসি) মো. আবদুল বারিক জানান, অভিযুক্ত লিটনকে গ্রেপ্তার করা হয়েছে। নির্যাতনে শিকার ওই কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) অভিযুক্তকে আদালতে পাঠানো হবে।
