নারীকে পাচারের দায়ে দুই নারীর যাবজ্জীবন

আপডেট : ১৯ জুন ২০২৫, ১২:৪০ এএম

ফরিদপুরে এক নারীকে পাচারের দায়ে মাকসুদা বিবি (৪৯) ও মর্জিনা বেগম সোনালী (৩১) নামে দুই নারীর যাবজ্জীবন কারাদ-ের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। 

গতকাল বুধবার ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় দেন।

দন্ডিত মাকসুদা বিবি সাতক্ষীরার বৈশালী গ্রামের বাসিন্দা। আর মর্জিনা বেগম সোনালীর বাড়ি মুন্সীগঞ্জের হটচারীপুর এলাকায়।

মামলার বিবরণে জানা যায়, পাচারের শিকার নারী ফরিদপুর শহরতলীর কানাইপুরে একটি জুটমিলে চাকরি করতেন। ভুক্তভোগীকে ওই মিলে চাকরিরত মাকসুদা বিবি ২০১২ সালের ৮ মে তাদের গ্রামের বাড়ি সাতক্ষীরায় অনুষ্ঠানের কথা বলে নিয়ে যান। এরপর ভুক্তভোগীর  পরিবার তাদের দুজনের মোবাইল ফোন বন্ধ পান।

পরে ভারত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তি ভুক্তভোগীর পরিবারকে মোবাইলে ফোনে জানান, তাকে (ভুক্তভোগী) ভারতে পাচার করে এনে বিক্রি করে দেওয়া হয়েছে এবং পুলিশ তাকে উদ্ধার করেছে। এরপর মেয়েটির মা রাজিয়া বেগম ২০১২ সালের ২৯ মে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করেন। পাচার হওয়া মেয়েটি দেশে ফিরে এসেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত