বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উন্নয়ন প্রকল্পে ৪ কোটি টাকা আত্মসাৎ, প্রকল্পের নকশা পরিবর্তন এবং মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া ৩০ কোটি টাকার অধিক মূল্যের চুক্তি সম্পাদনের অভিযোগে সাবেক ভিসি ও প্রকল্প পরিচালক এ কে এম নূর-উন-নবী এবং সাবেক ভিসি নাজমুল আহসান কলিমুল্লাহসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত বুধবার দুদকের ঢাকা জেলা কার্যালয়ে এই মামলা করা হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন।
মামলার অন্য আসামিরা হলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, ঠিকাদার আব্দুস সালাম বাচ্চু এবং ঠিকাদার এম এম হাবিবুর রহমান।
মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পরের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের অনুমোদিত ডিডিপি উপেক্ষা করে নকশা পরিবর্তন করেছেন, মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া ৩০ কোটি টাকার বেশি মূল্যের কাজের চুক্তি সম্পাদন করেছেন, ঠিকাদারের চলমান বিল থেকে কর্তিত নিরাপত্তা জামানতকে এফডিআর হিসেবে ব্যাংকে জমা রেখেছেন, ঠিকাদারকে ঋণ প্রদানের জন্য নো অবজেকশন সার্টিফিকেট অনুমোদন করেছেন, গ্র্যান্টার হিসেবে বিশ^বিদ্যালয়ের ৪ কোটি টাকা আত্মসাৎ করেছেন এবং ঠিকাদারকে অগ্রিম অর্থ প্রদানের সুযোগ দিয়েছেন।
