যশোরে করোনায় আক্রান্ত আরও একজনের মৃত্যু

আপডেট : ১৯ জুন ২০২৫, ১০:১২ এএম

যশোরে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও এক ব্যক্তি মারা গেছেন। এই নিয়ে চলমান দ্বিতীয় ঢেউয়ে জেলায় দুজনের মৃত্যু হলো। একইসঙ্গে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন আরও তিনজন সন্দেহভাজন রোগী।

মারা যাওয়া ব্যক্তির নাম ইউসুফ আলী (৪৫)। তিনি যশোরের মণিরামপুর উপজেলার মাহমুদকাটি গ্রামের বাসিন্দা ও গোলাম মোস্তফার ছেলে। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. বজলুর রশিদ টুলু বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, ইউসুফ আলী শ্বাসকষ্ট ও কিডনি জটিলতা নিয়ে ১৩ জুন যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন। শুরুতে মেডিসিন ওয়ার্ডে রেখে তাঁর চিকিৎসা চলছিল। অবস্থার অবনতি হলে পরদিন তাঁকে আইসিইউতে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতির মধ্যে তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা কমতে থাকায় চিকিৎসকরা র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের পরামর্শ দেন।

পরিবারের সদস্যরা বুধবার দুপুরে শহরের ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারে নমুনা পরীক্ষার জন্য নিয়ে গেলে সন্ধ্যায় রিপোর্ট আসে পজিটিভ। তবে তার আগেই রোগীর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে এবং করোনা চিকিৎসা শুরু হওয়ার আগেই রাতেই তিনি মারা যান।

যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়েত জানান, “আইসিইউর দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ফোনে জানিয়েছেন যে, করোনা পজিটিভ রোগী ইউসুফ আলী মারা গেছেন।”

এর আগে বুধবার ভোরে শেখ আমির হোসেন পারুল (৬৮) নামের আরও একজন করোনা আক্রান্ত রোগী যশোর জেনারেল হাসপাতালে মারা যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত