নোবেল পুরস্কার দিতে ট্রাম্পের নাম প্রস্তাব পাকিস্তানের

আপডেট : ২১ জুন ২০২৫, ১০:৪৭ এএম

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম প্রস্তাব করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। সম্প্রতি ভারত-পাকিস্তানের সামরিক উত্তেজনা কমাতে ট্রাম্পের গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভূমিকাকে স্বীকৃতি দিতে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

মাইক্রো ব্লগিং সাইট এক্সে ইসলামাবাদ জানিয়েছে, ট্রাম্পের দূরদর্শী কূটনৈতিক তৎপরতা ও গুরুত্বপূর্ণ নেতৃত্ব দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে চরম উত্তেজনা প্রশমিত করতে সহায়তা করেছে। সম্ভাব্য যুদ্ধের আশঙ্কা দূর করে লাখো মানুষের জীবন রক্ষার পথ সুগম হয়েছে বলেও দাবি করা হয় বিবৃতিতে।

বিবৃতিতে বলা হয়েছে, ২০২৬ সালের নোবেল শান্তি পাওয়ার যোগ্য দাবিদার মার্কিন প্রেসিডেন্টেই। কারণ ভারত এবং পাকিস্তানের সংঘর্ষে ‘প্রকৃত শান্তি প্রতিষ্ঠাতা’ হিসেবে উঠে এসেছেন তিনি। পাক সরকারের বক্তব্য, ক্রমবর্ধমান অস্থিরতার মধ্যেই দূরদৃষ্টিসম্পন্ন কূটনৈতিক দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছেন ট্রাম্প।

এমনকি ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর ইস্যু নিয়ে যে সংঘাত, সেই সংঘাত মেটাতে ট্রাম্প যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন সেটারও উল্লেখ আছে পাক প্রস্তাবে। ইসলামাবাদ আশাবাদী, আগামী দিনে ইজরায়েল-ইরান শান্তি স্থাপনেও ট্রাম্প বড় ভূমিকা নেবেন।

মার্কিন প্রেসিডেন্ট বরাবর বলে আসছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত তিনিই থামিয়েছেন। বাণিজ্য বন্ধের হুমকি দিয়ে দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে সংঘাত রুখে দেওয়ার কৃতিত্ব তাকে দেওয়া উচিত বলে দাবি মার্কিন প্রেসিডেন্টের। নয়াদিল্লি সেই দাবি খারিজ করে দিলেও পাকিস্তান প্রকাশ্যে ট্রাম্পের সেই দাবি মেনে নিল। আবার নোবেল শুধু লিবারেলদের দেওয়া হয় বলে অভিযোগ ট্রাম্পের।

তিনি বলেন, পাকিস্তান-ভারত যুদ্ধ থামানোর জন্য আমার নোবেল পুরস্কার পাওয়া উচিত ছিল। রুয়ান্ডা, কঙ্গো, সার্বিয়া, কসোভো— অনেক উদাহরণ আছে। সবচেয়ে বড় উদাহরণ ভারত-পাকিস্তান। অন্তত চার-পাঁচবার আমার নোবেল পাওয়া উচিত ছিল। কিন্তু ওরা লিবারেলদেরই দেয়, আমাকে কখনো দেবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত