পুলিশের অতিরিক্ত আইজিপি আবু নাসের মোহাম্মদ খালেদ বলেছেন, বিগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পুলিশের চোখে আঙুল দিয়ে ভুলগুলো ধরিয়ে দিয়েছে। ৫ আগস্টের পর কয়েক দিন পুলিশ ইনঅ্যাক্টিভ ছিল। আমরা দায়িত্ব নেওয়ার পর নতুনভাবে পুলিশবাহিনী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আগামীর জাতীয় নির্বাচন হবে আমাদের অস্তিত্ব রক্ষার নির্বাচন, দেশ রক্ষার নির্বাচন। পুলিশ বাহিনীর কলঙ্ক মোছার নির্বাচন। আমরা এবার একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারব।
রবিবার (২২ জুন) সকালে টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের প্যারেড মাঠে ৫৫তম টিআরসির সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নতুন পুলিশ সদস্যদের উদ্দশ্যে তিনি বলেন, পুলিশ নিয়ে সাধারণ মানুষদের যে ভুল ধারণা রয়েছে, তা ভালো কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। আমাদের প্রতি তাদের আস্থা ফিরে আসবে। ৫ আগস্টের পর পুলিশ বাহিনীর অবকাঠামো ভেঙে পড়েছিল। বর্তমানে সেটা স্বাভাবিক হয়েছে। আগের যেকোনো সময়ের চেয়ে বর্তমানে পুলিশ বাহিনীকে আরও যুগোপযোগী করে গড়ে তোলা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ডিআইজি মোহাম্মদ আশফাকুল আলম, ডেপুটি কমাড্যান্ট এ এইচ এম কামরুজ্জামান বিপিএম, টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মৌলিক প্রশিক্ষণে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ৫৫ তম টিআরসি ব্যাচের ৮১৫ জন ট্রেইনি রিক্রুট কনস্টেবল সফলতার সাথে তাদের প্রশিক্ষণ সম্পন্ন করে। অনুষ্ঠানে
শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।
প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে প্রশিক্ষণলব্ধ জ্ঞানের উৎকর্ষতা, সততা, নিষ্ঠা, একাগ্রতা কর্মজীবনে প্রয়োগ এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে জনগণের আস্থা অর্জনে ব্রতী হওয়ার নির্দেশনা প্রদান করেন এবং নবীণ সদস্যদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন।
