ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭

আপডেট : ২৬ জুন ২০২৫, ১২:৪৫ এএম

ইউক্রেনে এবার দিনের আলোয় ক্ষেপণাস্ত্র হামলা চালাল রাশিয়া। মঙ্গলবার দু-দফায় পরিচালিত ওই হামলায় দক্ষিণ পূর্বাঞ্চলীয় নিপ্রোপেত্রোভস্কের রাজধানী দিনিপ্রো ও এর পাশর্^বর্তী এলাকায় অন্তত ১৭ জন মানুষ প্রাণ হারিয়েছে। গতকাল বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। আঞ্চলিক গভর্নর সেরহিই লাইস্যাক বলেছেন, দিনিপ্রোতে ১৫ জন নিহত এবং ১৮ শিশুসহ ২ শতাধিক মানুষ আহত হয়েছে। প্রায় ১০ কিলোমিটার দূরবর্তী সামার শহরে আরও দুজন প্রাণ হারিয়েছে। দিনিপ্রোর মেয়র বরিস ফিলাতোভ বলেছেন, দিনের আলোয় চালানো বিরল রুশ হামলায় আবাসিক ভবন, শিক্ষাপ্রতিষ্ঠানসহ শহর জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এই হামলা যখন হলো, ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তখন পশ্চিমাদের সামরিক জোটের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করতে নেদারল্যান্ডসে রয়েছেন। নিজ দেশের ক্রমবর্ধমান সামরিক খাতে বিনিয়োগ এবং রুশ অস্ত্র তৈরিতে প্রয়োজনীয় সরবরাহ আটকে দেওয়ার জন্য মিত্রদের কাছে আহ্বান জানাতে সেখানে গেছেন তিনি। হামলার খবর পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, এই যুদ্ধে কোন পক্ষে সমর্থন জানাতে হবে, তা নির্ধারণ করা জটিল কিছু নয়। ইউক্রেনের পাশে থাকা মানে জীবন রক্ষা করা।

এদিকে, মাঝারি পাল্লার হাইপারসনিক ওরেশনিক ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াচ্ছে রাশিয়া। টেলিভিশনে সম্প্রচারিত এক অনুষ্ঠানে সামরিক ক্যাডেটদের উদ্দেশে দেওয়া বক্তব্যে পুতিন বলেন, সবচেয়ে আধুনিক ওরেশনিক মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের ধারাবাহিক উৎপাদন চলছে। ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা জানায়, ওরেশনিক ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৩ হাজার কিলোমিটারের বেশি। এত উচ্চ গতির কারণে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার পক্ষে এটি আটকানো অত্যন্ত কঠিন হয়ে উঠবে বলে আশঙ্কা করা হচ্ছে, ফলে যুদ্ধক্ষেত্রে ক্ষয়ক্ষতি বাড়তে পারে। গত ২১ নভেম্বর ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া প্রথমবার ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। পুতিন তখন জানান, দিনিপ্রো শহরের একটি প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠানে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত