পদ্মায় মাদামবোঝাই ট্রলার ডুবে বৃদ্ধ নিখোঁজ

আপডেট : ২৬ জুন ২০২৫, ০৭:৫০ পিএম

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে বাদামবোঝাই ট্রলার ডুবিতে এক বৃদ্ধ নিখোঁজ রয়েছেন। তার নাম আব্দুল মজিদ খাঁ (৬৮)। আজ বৃহস্পতিবার সকালে জেলার লৌহজং উপজেলার যশলদিয়া মাঝেরচর গ্রাম সংলগ্ন পদ্মায় ট্রলার ডুবির ঘটনা ঘটে। বিকেল ৬টা পর্যন্ত নিখোঁজ বৃদ্ধের সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ আব্দুল মজিদের বাড়ি উপজেলার যশলদিয়া গ্রামে। তিনি যশলদিয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত মালি।

যশলদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান, সকাল সাড়ে ৬টার দিকে যশলদিয়া বাজার থেকে বাদামভর্তি বস্তা বোঝাই করে একটি ট্রলার ফরিদপুরের মাতবরচর হাটের উদ্দেশ্যে রওনা দেয়। ট্রলারে ১১ জন যাত্রী ছিলেন। পথে যশলদিয়া মাঝেরচর গ্রাম সংলগ্ন পদ্মায় তীব্র স্রোতে ও ঘূর্ণাবর্তে ট্রলারটি ডুবে যায়। এ সময় অন্য ট্রলারযোগে ১০ জন তীরে আসতে সক্ষম হন। তবে স্রোতে ভেসে যান বৃদ্ধ মজিদ।

বাংলাদেশ কোস্টগার্ডের মাওয়াস্থ পদ্মা কম্পোজিট স্টেশনের দায়িত্বশীল এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, কোস্টগার্ড খবর পেয়ে সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলের পদ্মা নদীতে ডুবুরি দল নিয়ে উদ্ধার তৎপরতা চালান। তবে তীব্র স্রোতে ও ঘূর্ণাবর্তের কারণে উদ্ধার তৎপরতায় তাদের বেগ পেতে হয়। দুপুর ১টা পর্যন্ত তারা তৎপরতা চালান। নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত