রিমান্ড শেষে আইভীকে কারাগারে পাঠানোর নির্দেশ

আপডেট : ২৬ জুন ২০২৫, ০৮:০৮ পিএম

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) রিমান্ড শেষে আদালতে উঠানো হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলাম চৌধুরী তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার সজল মিয়া হত্যা মামলায় রিমান্ড শেষে সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে আদালতে হাজির করা হয়। সেই সঙ্গে আদালতের নির্দেশে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গত ১৮ জুন সিদ্ধিরগঞ্জ থানার সজল মিয়া হত্যা মামলায় আদালতে ৭ দিনের রিমান্ড চাওয়া হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দীন কাদির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

তার আগে গত ৯ মে শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটিরের নিজ বাসা থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আইভীর বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে মোট ছয়টি মামলা আছে। ছয়টি মামলাতেই তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারের পর থেকে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগারে আছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত