চট্টগ্রাম নগরের বাকলিয়া একসেস রোডে চাঞ্চল্যকর জোড়া খুনসহ একাধিক মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. খোরশেদ (৪০) অবশেষে র্যাবের হাতে ধরা পড়েছেন। বৃহস্পতিবার (২৬ জুন) দিবাগত রাত ১২টার পর রাঙ্গুনিয়ার উত্তর ঘাটচেক এলাকায় অভিযান চালিয়ে র্যাব-৭ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার খোরশেদের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার পরীর দীঘির পাড় এলাকায়। তার বাবার নাম আনোয়ার হোসেন।
র্যাব জানায়, দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন খোরশেদ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। খোরশেদ এলাকায় ত্রাস হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে বাকলিয়া থানার জোড়া খুন মামলাসহ হত্যা, অস্ত্র ও সংঘবদ্ধ অপরাধের একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগর পুলিশের বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
