১২ বছরের চেষ্টায় ৫০ লাখ টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী

আপডেট : ২৭ জুন ২০২৫, ১১:২৮ পিএম

চলতি মাসে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বিগ টিকিটের সাপ্তাহিক ড্রতে দেড় লাখ দিরহাম (প্রায় ৫০ লাখ টাকা) জিতে নিয়েছেন এক বাংলাদেশি প্রবাসী। দীর্ঘদিনের চেষ্টার পর মোহাম্মদ চৌধুরী নামে ওই প্রবাসী লটারিতে জ্যাকপট হিট করেছেন।

গালফ নিউজের খবরে বলা হয়েছে, গত ২০ বছর ধরে আবুধাবিতে বসবাস করছেন এবং ১২ বছর আগে বন্ধুদের কাছ থেকে প্রথম বিগ টিকেট সম্পর্কে জানতে পারেন মোহাম্মদ চৌধুরী। এরপর থেকে ধারাবাহিকভাবে তাদের সঙ্গে মাসিক ড্রতে অংশ নেন তিনি।

অনুষ্ঠানের উপস্থাপক রিচার্ড ফোন করে এ খবর দিলে মোহাম্মদ স্তম্ভিত হয়ে যান। অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, ‘সত্যি! আমি এটা বিশ্বাস করতে পারছি না। আমি কী করব?’

৪১ বছর বয়সী প্রবাসী এ বাংলাদেশি গাড়ির চালক হিসাবে জীবিকা নির্বাহ করেন এবং পাশাপাশি একটি ছোট ব্যবসাও পরিচালনা করেন।

মোহাম্মদ চৌধুরী জানান, তিনি বেশ কয়েকটি গ্রুপের অংশ যারা টিকিট কেনার জন্য তহবিল সংগ্রহ করে। কোনো কোনো দলে পাঁচ জন, কারও ১০ বা ২০ জনও থাকে। তাদের হয়ে তিনি টিকিট কিনেন।

যে টিকিটে পুরস্কার জিতেছেন সেটিতে ১০ জন শেয়ার রয়েছেন। তাই ১০ জন বন্ধুর মধ্যে লটারিতে জেতা টাকা সমানভাবে ভাগ করে নেবেন। নিজের অংশের টাকা দিয়ে তিনি তার ব্যবসা সম্প্রসারণের কথা ভাবছেন বলে জানান।

মোহাম্মদ চৌধুরী বলেন, ‘আমার চোখ এখন গ্র্যান্ড প্রাইজের দিকে। বিগ টিকেট সত্যিই মানুষের স্বপ্ন বাস্তবায়নে সহায়তা করছে এবং আমি আমার বন্ধু এবং অন্য সবাইকে অংশ নিতে উত্সাহিত করি।’

চলতি বছরের ৩ মার্চ আবুধাবি বিগ টিকেট ড্রতে দুই কোটি দিরহাম (৬৫ কোটি টাকারও বেশি) জিতে নেন প্রবাসী বাংলাদেশি জাহাঙ্গীর আলম। এর ঠিক কয়েক মাস আগে গত বছরের অক্টোবরে চট্টগ্রামের আরেক বাংলাদেশি আবুল মনসুরও একই লটারিতে একই পুরস্কার জিতেছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত