রাজবাড়ীতে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ে প্রবেশ করে কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা বিএনপির সভাপতিসহ ছয়জনকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজবাড়ী শহরের সজ্জনকান্দায় আবু হেনা সড়কে অবস্থিত জেলা ভোক্তা অধিকার কার্যালয়ে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী কর্মকর্তার নাম কাজী রকিবুল হাসান। তিনি জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ে উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাকে লাঞ্ছিত করার ঘটনায় রাজবাড়ী সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।
আটককৃতরা হলেন, পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান, পাংশার নারায়ণপুর এলাকার মো. রহুল আমিন, শেখ পাড়ার মো. বাচ্চু বিশ^াস, রাজবাড়ী পৌর এলাকার মামুন সিকদার, মো. ফরিদ হোসেন ও মো. শিশির করিম।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বলেন, গত বৃহস্পতিবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ে অভিযোগের শুনানি ছিল। শুনানির সময় ভোক্তার কর্মকর্তাকে লাঞ্ছিত করা হয়। এ বিষয়ে ভোক্তার কর্মকর্তা বাদী হয়ে থানায় একটি অভিযোগ দিয়েছেন। আটক ব্যক্তিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
