খুলনায় কারের ধাক্কায় চায়ের দোকানদার নিহত

আপডেট : ২৮ জুন ২০২৫, ০২:০২ পিএম

খুলনা মহানগরী লবণচরা থানাধীন রূপসা টোল প্লাজার সামনে রাস্তা পারাপারের সময় প্রাইভেটকারের ধাক্কায় আল মামুন (৪৭) নামে এক পথচারী নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ জুন) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। উপস্থিত জনগণ তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলেত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আল মামুন রূপসা উপজেলার জাবুসা এলাকার আব্দুল মালেকের ছেলে। তিনি পেশায় একজন চা দোকানদার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আল মামুনের রূপসা টোল প্লাজা এলাকায় চায়ের দোকান রয়েছে। রাতে তিনি জাবুসা জেমিনি সি-ফুড নামক প্রতিষ্ঠানের পিছনে পাওয়ার প্লান্টের কাছে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় উল্টো পথে আসা একটি প্রাইভেটকার তাকে চাপা দেয়। এরপর চালক খুলনা শহরের দিকে প্রাইভেটকার নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। উপস্থিত জনগণ লবণচরা থানার সাচিবুনিয়া পেট্রোল পাম্পের কাছে গিয়ে প্রাইভেটকারটির গতি রোধ করে চালকসহ গাড়িটি আটক করে।

রূপসা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, চালকসহ গাড়িটি লবণচরা থানায় রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত