তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দেশব্যাপী কর্মসূচি

আপডেট : ২৯ জুন ২০২৫, ০৭:৩৪ এএম

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির আয়োজন করছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ইতিমধ্যে বর্ষপূর্তি উদ্যাপন-সংক্রান্ত একটি প্রস্তুতিমূলক সভাও হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহে গ্রাফিতি বই ও পোস্টার প্রদর্শনী, চলচ্চিত্র ‘শ্রাবণ বিদ্রোহ’ প্রদর্শনসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

বর্ষপূর্তির মূল আয়োজনের অংশ হিসেবে রাজধানীর তথ্য ভবনে আগস্টের প্রথম সপ্তাহে গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ ছাড়া মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি আয়োজনের পরিকল্পনাও রয়েছে। গতকাল শনিবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

কর্মসূচি অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত জাতীয় দৈনিক ও সাময়িকীতে গণঅভ্যুত্থানবিষয়ক বিশেষ ফিচার, নিবন্ধ ও ক্রোড়পত্র প্রকাশিত হবে। একই সঙ্গে দেশব্যাপী বিলবোর্ড, পোস্টার ও ফেস্টুন স্থাপন ও বিতরণের মাধ্যমে গণসচেতনতা তৈরি করা হবে। তথ্য ভবনে আয়োজন করা হবে এক প্রকাশনা উৎসব, যেখানে জুলাই গণঅভ্যুত্থানবিষয়ক গ্রন্থসমূহ প্রদর্শিত হবে। বর্ষপূর্তির অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে চলচ্চিত্র ‘শ্রাবণ বিদ্রোহ’-এর প্রিমিয়ার শো, যা আগামী ৫ জুলাই বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এ ছাড়া জেলা তথ্য অফিসগুলোর মাধ্যমে চলচ্চিত্রটি সারা দেশে প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি গণঅভ্যুত্থানবিষয়ক প্রামাণ্যচিত্রও ধারাবাহিকভাবে প্রদর্শন করা হবে। জুলাই গণঅভ্যুত্থানকে ঘিরে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠানমালা।

তথ্য ভবন, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এবং ঢাকায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হবে অভ্যুত্থানবিষয়ক আলোকচিত্র ও প্রাফিতি প্রদর্শনীর। এ ছাড়া  গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিকদের পরিবারকে সম্মাননা, বিশেষ অনুদান ও উপহার প্রদান করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বর্ষপূর্তি কর্মসূচির অংশ হিসেবে একটি আন্তর্জাতিক সেমিনার আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত