এবার চট্টগ্রাম নগরে কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে গণপিটুনি দিয়েছে জনতা। পরে পুলিশ তাকে আটক করে। রবিবার (২৯ জুন) দুপুরে আকবরশাহ থানার বিজয়নগর এলাকায় এ ঘটনা ঘটে। গণপিটুনির শিকার যুবকের নাম মো. রায়হান (৩২)। তিনি একই থানার বিজয়নগর এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে নগরের আকবার শাহ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফয়সাল জানান, রায়হানকে স্থানীয় এক কিশোরীকে নিয়ে বিজয়নগর এলাকায় পাহাড়ি টিলার দিকে যেতে দেখেন লোকজন। এসময় স্থানীয়রা কিশোরীর বাবাকে খবর দেয়। তখন ওই কিশোরীর বাবাসহ লোকজন মিলে রায়হানকে আটকে কিশোরীকে উদ্ধার করে। এরপর লোকজন তাকে ধরে পিটুনি দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে আহত অবস্থায় রায়হানকে উদ্ধার করে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, ‘রায়হানের বিরুদ্ধে এর আগেও একই ধরনের ঘটনা ঘটানোর অভিযোগ আছে। কিশোরীর বাবাকে থানায় গিয়ে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।
