ইউক্রেনে রাতারাতি সবচেয়ে বড় আকারের বিমান হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, হামলায় মোট ৫৩৭টি অস্ত্র ব্যবহার করা হয়েছে—এর মধ্যে ৪৭৭টি ড্রোন ও ৬০টি ক্ষেপণাস্ত্র।
এর মধ্যে ২৪৯টি গুলি করে ভূপাতিত করা হয় এবং ২২৬টি সম্ভবত ইলেকট্রনিক জ্যামিংয়ের কারণে হারিয়ে যায় বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইউরো নিউজ।
এই হামলায় কিনজাল, ইস্কান্দার, ক্যালিব্র ও এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করা গেলেও বেশ কয়েকটি লক্ষ্যভ্রষ্ট হয় বা রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।
ইউক্রেনীয় বিমানবাহিনীর একজন মুখপাত্র বলেন, এটি ছিল এখন পর্যন্ত সবচেয়ে বড় আকাশ হামলা। ইউক্রেনের বিভিন্ন অঞ্চল, এমনকি পশ্চিমাংশও এই হামলার শিকার হয়।
এই হামলার সময় ইউক্রেন একটি এফ-১৬ যুদ্ধবিমান হারিয়েছে। বিমানের পাইলট ম্যাক্সিম উস্তিমেনকো মারা গেছেন। তিনি শত্রু অন্তত সাতটি লক্ষ্যবস্তু ধ্বংস করেন। কিন্তু শেষ টার্গেটে আঘাত করার পর বিমানটি ক্ষতিগ্রস্ত হয়।
তিনি বিমানটিকে জনবসতি থেকে দূরে সরাতে চেষ্টা করেন। কিন্তু সময়মতো বের হতে পারেননি।
